...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে: পাকিস্তান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, বিকেল ৩:৫৪ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:৪৫
Shares
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে: পাকিস্তান

ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ বন্ধের আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভী।

সোমবার (২৪ আগস্ট) পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভীর তেহরানে এক দিনের একটি কূটনৈতিক মিশনের সময় এ আলোচনা অনুষ্ঠিত হয়। খবর আল জাজিরার।

পাকিস্তানি কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে তেহরানে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।

মঙ্গলবার পাকিস্তানি সামরিক বাহিনী এক বিবৃতিতে এই সফরকে বর্ণনা করেছে—চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে অচলাবস্থা নিরসন এবং অঞ্চলে স্থায়ী শান্তি ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জনের উপায়ের অন্বেষণে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে।

সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তেহরানে অবস্থানকালে সেনাপ্রধান মুনির ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতার সাথে বৈঠক করেছেন; যার মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ী।

বিবৃতিতে আরও বলা হয়, আলোচনায় সংঘাতের আরও বিস্তার রোধ, হরমুজ প্রণালী পুনরায় সচল করা এবং দ্রুততম সময়ের মধ্যে সংঘাতের সমাপ্তি টানার বিষয়গুলোর ওপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভী সামাজিক মাধ্যম এক্সে জানান, পাকিস্তান মধ্যস্থতা করে যুদ্ধ অবসানের যে অন্তর্বর্তী কাঠামো বা ‘ইসলামাবাদ সমঝোতাপত্র’ তৈরি করেছিল, তা পুনরুজ্জীবিত করতে উভয় পক্ষ প্রয়োজনীয় পদক্ষেপগুলো পর্যালোচনা করেছে।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ান খোলামেলাভাবে ইরানের উদ্বেগগুলো তুলে ধরেছেন এবং সব বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।

নাকভী বলেন, উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে এবং অত্যন্ত ইতিবাচক পরিবেশে বৈঠকটি শেষ হয়েছে। আমরা আশাবাদী যে এই গতিশীলতা এই অঞ্চলে আরও অগ্রগতি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পথ দেখাবে।

এদিকে, ইরানের সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান সেনাপ্রধান মুনিরকে বলেছেন যে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তেহরানের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রকে শর্ত চাপিয়ে দেওয়া এবং জবরদস্তির পথ বেছে নেওয়ার পরিবর্তে ইরানের সাথে আচরণের ক্ষেত্রে তাদের সুর ও দৃষ্টিভঙ্গি সংশোধন করতে হবে।

তিনি সতর্ক করে বলেন যে, মার্কিন ভীতি প্রদর্শন এই সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে।

উল্লেখ্য, গত ১৭ জুন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু উপসাগরীয় অঞ্চলে নতুন করে জাহাজ আটক ও হামলার ঘটনার পর তা দ্রুতই অকার্যকর হয়ে পড়ে এবং গত সপ্তাহে এর মেয়াদ শেষ হয়।