...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু, ভাগ্য নির্ধারণ হবে ট্রাম্পেরও

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫:০৫
Shares
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু, ভাগ্য নির্ধারণ হবে ট্রাম্পেরও

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর ৫টায় দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্মন্টে প্রথম ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে শুরু হয় কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াই।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভার্মন্টে স্থানীয় সময় ভোর ৫টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বাংলাদেশ সময় বিকেল ৪টা। এরপর নিউইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া, কানেকটিকাট, কেনটাকি ও মেইনসহ পূর্ব উপকূলের অন্যান্য অঙ্গরাজ্যে স্থানীয় সময় সকাল ৬টা থেকে ভোটকেন্দ্র খোলার কথা রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য রাজ্যেও শুরু হবে ভোটগ্রহণ।

অবশ্য ভোটের দিন শুরুর আগেই ডাকযোগে পাঠানো ব্যালট এবং আগাম ভোটের মাধ্যমে অনেক ভোটার নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

এবারের নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সব ৪৩৫টি আসনে ভোট হচ্ছে। পাশাপাশি সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচনের ভোটও নেওয়া হচ্ছে।

বর্তমানে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির। ফলে এবারের নির্বাচনে দলটি সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারে কি না, সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

মার্কিন রাজনৈতিক ব্যবস্থায় প্রেসিডেন্ট নির্বাচনের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনকে ক্ষমতাসীন প্রশাসনের জন্য এক ধরনের জনসমর্থন যাচাই হিসেবে দেখা হয়। নির্বাচনে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা হারালে ট্রাম্প প্রশাসনের আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং বিভিন্ন নীতি বাস্তবায়নে বাধার মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে প্রতিনিধি পরিষদ কিংবা সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারলে ডেমোক্র্যাটদের হাতে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত ও কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানোর সুযোগ তৈরি হবে।

এ কারণে এবারের নির্বাচন শুধু কংগ্রেসের আসন বণ্টনের লড়াই নয়, বরং ট্রাম্পের বাকি দুই বছরের শাসন পরিচালনার পথ কতটা সহজ বা কঠিন হবে, তারও গুরুত্বপূর্ণ নির্ধারক।

ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই বিভিন্ন কেন্দ্রে গণনা শুরু হবে। তবে রাজ্যভেদে ভোট গণনা ও ফল প্রকাশের সময় ভিন্ন হতে পারে।

সূত্র: বিবিসি ও এএফপি।