মার্কিন সমর্থিত ইরানবিরোধী একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়ার পথে বাধা দেওয়ায় রাশিয়া ও চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী মিশন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন খসড়া প্রস্তাবটি পাস হয়নি বলে জানিয়েছে ইরানের স্থায়ী মিশন। তাদের ভাষ্যমতে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এবং অবৈধ রেজুলেশন ১৭৩৭ কমিটির সাথে যুক্ত ‘বিশেষজ্ঞ প্যানেল’-এর মেয়াদ পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই যুক্তরাষ্ট্র এই খসড়া প্রস্তাবটি জমা দিয়েছিল।
মেহের নিউজ এজেন্সির বরাতে ইরানি মিশন আরও জানায়, জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা পরিষদের অখণ্ডতা রক্ষায় রাশিয়া ও চীন আবারও দৃঢ় অবস্থান নিয়েছে। এর মাধ্যমে পরিষদকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আরও একটি হিপোক্রেটিক বা কপট প্রচেষ্টাকে তারা ব্যর্থ করে দিয়েছে।
জাতিসংঘের এই মিশন আরও উল্লেখ করে যে, আজকের এই নীতিগত, অবিচল অবস্থান ও সিদ্ধান্তমূলক পদক্ষেপের জন্য রাশিয়া ও চীনের প্রতি ইরান গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং সেই সাথে সোমালিয়া ও পাকিস্তানের মূল্যবান অবস্থান ও ভোটদানে বিরত থাকার বিষয়টিরও প্রশংসা করছে।
নিরাপত্তা পরিষদে কী ঘটেছিল?
১৭৩৭ কমিটির বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বাড়ানোর লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা মার্কিন খসড়া প্রস্তাবটি রাশিয়া ও চীন ভেটো বা প্রত্যাখ্যান করেছে। ইরানের ১৭৩৭ নিষেধাজ্ঞা কমিটির কার্যক্রম সম্পর্কিত ‘অস্ত্র বিস্তার রোধ’ এজেন্ডার অধীনে আয়োজিত ওই বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই খসড়া প্রস্তাব পেশ করেছিল যুক্তরাষ্ট্র।
বৈঠকে রাশিয়া ও চীন প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়, সোমালিয়া ও পাকিস্তান ভোটদানে বিরত থাকে এবং কাউন্সিলের অন্য ১১ সদস্য রাষ্ট্র মার্কিন খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যেকোনো খসড়া প্রস্তাব পাসের জন্য ১৫ সদস্যের মধ্যে কোনো ভেটো ছাড়াই কমপক্ষে নয়টি ভোটের প্রয়োজন হয়। মার্কিন খসড়াটি ১১টি ইতিবাচক ভোট পেলেও রাশিয়া ও চীন তাতে ভেটো দেওয়ায় শেষ পর্যন্ত প্রস্তাবটি গৃহীত হয়নি।


