...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রকে অন্তহীন যুদ্ধে জড়াতে চায় ইসরায়েল: গালিবাফ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪১
Shares
যুক্তরাষ্ট্রকে অন্তহীন যুদ্ধে জড়াতে চায় ইসরায়েল: গালিবাফ

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রকে দীর্ঘস্থায়ী ও অন্তহীন যুদ্ধে জড়িয়ে ফেলার চেষ্টা করছে ইসরায়েল। এমন অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি সতর্ক করে বলেছেন, এমন যুদ্ধে জড়িয়ে পড়লে বর্তমান কিংবা ভবিষ্যতের কোনো মার্কিন প্রেসিডেন্টের পক্ষেই তা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না।

বার্তাসংস্থা আনাদোলু জানায়, সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ এসব কথা বলেন।

ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, ‘ইসরায়েলিরা যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে একটি অন্তহীন যুদ্ধে জড়িয়ে ফেলতে মরিয়া হয়ে কাজ করছে। এটি এমন এক চোরাবালি, যেখান থেকে বর্তমান বা ভবিষ্যতের কোনো মার্কিন প্রেসিডেন্টই বেরিয়ে আসতে পারবেন না। তিনি রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাট—যে দলেরই হোন না কেন।’

ওয়াশিংটনের ইসরায়েলকেন্দ্রিক নীতির কঠোর সমালোচনা করে গালিবাফ আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সবার আগে রাখার মানসিকতা পরিত্যাগ না করে, তাহলে দেশটি এবং তার মিত্ররা সরাসরি এক অন্ধকার যুগের দিকে এগিয়ে যাবে।’

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা সংঘাতের পর এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা স্থায়ী হয়নি।

পরবর্তী সময়ে সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় জুলাইয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আবারও সংঘাত শুরু হয়।