রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ধলপুর ওয়াসা গেট এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি রাখার গ্যারেজে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মারুফকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে সন্ধ্যা পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালাতো বোন বিথী আক্তার জানান, মারুফ দয়াগঞ্জের একটি অ্যালুমিনিয়ামের পাতিল তৈরির কারখানায় কাজ করতেন। মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার কিছুক্ষণ পর স্ত্রী মিমকে বাইরে থেকে আসার কথা বলে বেরিয়ে যান তিনি।
পরে ধলপুরের ওয়াসা গেট এলাকায় গোলাগুলির খবর পেয়ে স্বজনেরা জানতে পারেন, মারুফ গুলিবিদ্ধ হয়েছেন। তার বুকের ডান পাশে গুলি লেগেছিল। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের দাবি, মারুফের সাথে এলাকার কারও কোনো বিরোধ ছিল না। তিনি একটি কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, সে বিষয়ে তারা কিছু জানাতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহত যুবকের বুকের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।


