বৃহত্তর যশোরের জলাবদ্ধতা নিরসন ও সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় বৈঠক করেছেন চার মন্ত্রী ও প্রতিমন্ত্রী। শনিবার (২৮ নভেম্বর) সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এতে উপস্থিত ছিলেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও আইনমন্ত্রী আসাদুজ্জামান।
সভায় ভবদহের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে স্বল্পমেয়াদি পদক্ষেপের পাশাপাশি পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পায়।
পানিসম্পদমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নের আগ পর্যন্ত ভবদহের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ জন্য নদী ও খালের পানিপ্রবাহ সচল করার ওপর গুরুত্ব দেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, ভবদহ সমস্যার দ্রুত সমাধানে কৃষক ও স্থানীয় অভিজ্ঞদের মতামত নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কৃষিজমিতে সেচসুবিধা ও মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
সভায় জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি ও সেচসুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

