...|...|...

সারাদেশ

মৌলভীবাজারে প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ৮৫ জনের নিয়োগ বাতিল

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০১ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৫৩
Shares
মৌলভীবাজারে প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ৮৫ জনের নিয়োগ বাতিল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের মধ্য থেকে মৌলভীবাজার জেলার ৮৫ জনের নিয়োগ বাতিল করা হয়েছে। হঠাৎ এমন সিদ্ধান্তে জেলাজুড়ে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের তালিকা থেকে যাচাই-বাছাইয়ের কথা বলে ৮৫ জনকে বাদ দেওয়া হয়েছে। তবে কী কারণে বা কোন অভিযোগের ভিত্তিতে তাদের নিয়োগ বাতিল করা হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে প্রার্থীদের মধ্যে গুঞ্জন ও বিভ্রান্তি বাড়ছে।

এ বিষয়ে জানতে শনিবার (২৬ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সরকারি ছুটির দিন হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসও বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, রোববার অফিস খুললে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের প্রায় সবাই মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, তাদের অনেকেই টিউশনি করে এবং ঋণ করে লেখাপড়া শেষ করেছেন। দীর্ঘদিন বেকার থাকার পর চাকরির জন্য চূড়ান্ত সুপারিশ পাওয়ায় পরিবারে স্বস্তি ফিরেছিল। এখন নিয়োগ বাতিলের খবরে তারা আবার অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

এক ভুক্তভোগী বলেন, মা অসুস্থ, বাবা নেই। চাকরিটা পেয়ে ভেবেছিলাম সংসারের হাল ধরব। এখন শুনি বাতিল।

সচেতন মহলের প্রতিনিধিরা বলছেন, যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি পাওয়া গেলে তা প্রার্থীদের জানানো উচিত। অন্যায়ভাবে কারও অধিকার হরণ করা হলে তা চরম অবিচার হবে। এ ধরনের চর্চা অব্যাহত থাকলে আগামীতে প্রাথমিক শিক্ষা খাতে সংকট আরও ঘনীভূত হতে পারে এবং মেধাবীরা শিক্ষকতা পেশা থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন।

ভুক্তভোগীরা দ্রুত স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে তাদের নিয়োগ বহালের দাবি জানিয়েছেন।