...|...|...

সারাদেশ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য, যুবক গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, সকাল ৭:১৯
Shares
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য, যুবক গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অবমাননাকর ও অশালীন মন্তব্যের অভিযোগে মৌলভীবাজারে মামুন মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার মামুন মিয়া ওই এলাকার মিজান মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মামুন গত কয়েক দিন ধরে নিজের টিকটক অ্যাকাউন্ট থেকে দেশ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্যসংবলিত ভিডিও তৈরি ও প্রচার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি নজরে আসার পর স্থানীয় যুবনেতা ও এলাকাবাসী পুলিশকে অবহিত করেন। পরে খবর পেয়ে মৌলভীবাজার সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই মামুনকে গ্রেফতার করে।

স্থানীয়দের দাবি, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর অপপ্রচার চালানোর অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

মৌলভীবাজার সদর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতার যুবকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।