...|...|...

রাজধানী

মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেফতার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, রাত ১:১৭ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, রাত ১:১৮
Shares
মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত কিশোর গ্যাং ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রায়েরবাজারের বোটঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির একটি দল বোটঘাট এলাকায় অভিযান চালায়। ফাঁড়ির আক্কেল আলীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দিদারকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, দিদার ‘জাওরা’ রাব্বি ও ‘ভান্ডারি’ ইমনের নেতৃত্বে পরিচালিত ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার দিদারের বাবার নাম ইউসুফ আলী এবং মায়ের নাম কুলসুম বেগম। তিনি মোহাম্মদপুরের কাটাসুর এলাকার নামার বাজারে বসবাস করতেন।

দিদারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়েরবাজারের বোটঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।