রাজধানীর মোহাম্মদপুরে দিনে-দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবার ছিনতাইকারীদের কবলে পড়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারী রাব্বি আল রাফসান। চারজনের একটি দল চাপাতির ভয় দেখিয়ে তার কাঁধের ব্যাগ ও আইফোন নিয়ে গেছে। এ সময় বাধা দিতে গেলে চাপাতির উল্টো পাশ দিয়ে আঘাত করা হয় তাকে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ইউল্যাব ক্যাম্পাসের পাশের জনতা বাজারের সামনে এ ঘটনা ঘটে।
রাব্বি আল রাফসান ইউল্যাবের মাস্টার্সের শিক্ষার্থী। পাশাপাশি তিনি ববি হাজ্জাজের রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, শুক্রবার মাস্টার্সের ক্লাস থাকায় মোহাম্মদপুর তিন রাস্তা থেকে অটোরিকশায় করে ক্যাম্পাসে যাচ্ছিলেন তিনি। ইউল্যাবের কাছাকাছি পৌঁছালে আরেকটি অটোরিকশা এসে তার চলার পথ আটকে দেয়। ওই অটোরিকশায় থাকা চার ব্যক্তি চাপাতি দেখিয়ে তার ব্যাগ ও পকেটে থাকা আইফোন ছিনিয়ে নেয়।
এ সময় তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা চাপাতির উল্টো দিক দিয়ে কয়েকবার আঘাত করে। এতে তার ডান হাতে আঘাত লাগে। পরে চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় রয়েছেন তিনি।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেছেন রাফসান। তিনি জানান, বিষয়টি প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে অবহিত করেছেন। পাশাপাশি থানাকেও ঘটনাটি জানানো হয়েছে। ছিনতাইয়ে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
শনিবার (২৮ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলা হওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে।

