...|...|...

সারাদেশ

মেয়ে অপহরণের মিথ্যা মামলা করায় বাবার ২ বছরের কারাদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৫২
Shares
মেয়ে অপহরণের মিথ্যা মামলা করায় বাবার ২ বছরের কারাদণ্ড

নেত্রকোনার কলমাকান্দায় মেয়েকে অপহরণ ও গুমের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছিলেন মজিবুর রহমান (৫৫)। ওই মামলায় গ্রেফতার হয়ে প্রায় নয় মাস কারাগারে ছিলেন খোকন মিয়া (৪৫)। পরে মজিবুর রহমানের মেয়ে নিজেই বাড়িতে ফিরে এসে জানান, তাকে কেউ অপহরণ করেনি। এরপর ওই মামলায় খোকন মিয়া আদালত থেকে খালাস পান। পরে মিথ্যা মামলা করার অভিযোগে মজিবুর রহমানের বিরুদ্ধে মামলা করেন খোকন মিয়া। সেই মামলায় এবার মজিবুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় দেন। একই সাথে মজিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি নুরুল কবীর রুবেল। দণ্ডপ্রাপ্ত মজিবুর রহমান কলমাকান্দা উপজেলার গনিয়াগাঁও এলাকার বাসিন্দা।

মামলার নথি ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২১ জানুয়ারি মজিবুর রহমান একই গ্রামের খোকন মিয়ার বিরুদ্ধে মেয়েকে অপহরণ করে গুম করার অভিযোগে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর পুলিশ খোকন মিয়াকে গ্রেফতার করে রিমান্ডে নেয়। পরে তিনি প্রায় নয় মাস কারাগারে ছিলেন।

এরপর মজিবুর রহমানের মেয়ে নিজেই বাড়িতে ফিরে আসেন। তিনি জানান, সৎ মায়ের সাথে রাগ করে তিনি ঢাকায় চলে গিয়েছিলেন। সেখানে তিনি কাজ করছিলেন। তাকে কেউ অপহরণ করেনি বলেও জানান তিনি।

পরে ওই মামলায় ২০২৩ সালের ৬ মে খোকন মিয়া আদালত থেকে খালাস পান। এরপর মিথ্যা মামলা করার অভিযোগে মজিবুর রহমানের বিরুদ্ধে ২০২৫ সালের ৭ জানুয়ারি আদালতে মামলা করেন খোকন মিয়া। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে বুধবার বিকেলে আদালত মজিবুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দেন।