...|...|...

অন্যান্য

মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও জরিমানার প্রসঙ্গ এড়িয়ে নিজেদের পক্ষে বায়োজিনের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪১
Shares
মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও জরিমানার প্রসঙ্গ এড়িয়ে নিজেদের পক্ষে বায়োজিনের বিবৃতি

ছবি: সংগৃহীত

মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক ব্যবহার করে প্রসাধনী উৎপাদনের দায়ে বায়োজিনের পণ্য তৈরির কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৮ নভেম্বর) এ জরিমানার পর বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সামাজিকমাধ্যমেও শুরু হয় আলোচনা-সমালোচনা।

এর মধ্যে শনিবার (২১ নভেম্বর) এ বিষয়ে বিবৃতি দিয়েছে বায়োজিন। বেলা সাড়ে তিনটার দিকে প্রকাশিত বিবৃতিতে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার ও জরিমানার বিষয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে নিজেদের পণ্যের মান, গ্রাহকের আস্থা এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে ধরে বায়োজিন।

বিবৃতিতে বলা হয়, বিভ্রান্তি বা অপপ্রচার নয়, সত্যই সাহস, অর্জিত আস্থাই আমাদের শক্তি। ডেল কার্নেগীর একটি বিখ্যাত উক্তি, ‘মৃত কুকুরকে কেউ লাথি দেয় না’। বায়োজিন কসমেসিউটিক্যালস (Bio-Xin Cosmeceuticals) ১ দশমিক ৮ মিলিয়ন মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসের পরিবার। উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে আস্থা ও ভালোবাসার বন্ধন ভাঙা যায় না, এটাই আমাদের বিশ্বাস। আমরা লক্ষ্য করছি, একটি মহল বায়োজিন কসমেসিউটিক্যালস সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর, অনুমাননির্ভর ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। বিষয়টি আমাদের নজরে এসেছে এবং আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় রয়েছি। উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কখনোই সফল হয়নি, আর হওয়ার সম্ভাবনাও নেই।

বিবৃতিতে আরও বলা হয়, বায়োজিন সবসময় পণ্যের গুণগত মান, নিরাপত্তা ও গ্রাহকের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য বিএসটিআই মান ও অনুমোদন এবং বিসিএসআইআরের মাধ্যমে সম্পন্ন প্রাসঙ্গিক ডার্মাটোলজিক্যাল পরীক্ষার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, পক্ষপাতিত্ব বা কোনো বিশেষ গোষ্ঠী দ্বারা প্ররোচিত হয়ে কোনো পণ্যকে ‘ভেজাল’ বলে অপপ্রচার করা গুরুতর অভিযোগ। এমন অভিযোগের সত্যতা নির্ধারণে যথাযথ বৈজ্ঞানিক পরীক্ষা, নির্ভরযোগ্য প্রমাণ এবং প্রযোজ্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। প্রমাণ ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে আইনানুগ প্রতিকার গ্রহণের অধিকার সংরক্ষণ করে প্রতিষ্ঠানটি। তাদের ভাষ্য, ‘আমাদের সবচেয়ে বড় অর্জন আপনাদের ভালোবাসা, আর সবচেয়ে বড় শক্তি আপনাদের বিশ্বাস।’

বিবৃতির শেষাংশে বায়োজিন জানায়, গ্রাহকদের ভালোবাসা ও আস্থা নিয়েই প্রতিষ্ঠানটি এগিয়ে এসেছে এবং এগিয়ে যাবে। এ ধরনের অপপ্রচার মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করার অঙ্গীকার থেকে তাদের বিচ্যুত করতে পারবে না। অপপ্রচারের জবাব গুণগত মানের প্রমাণ ও আইনের মাধ্যমে দেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। পাশাপাশি গ্রাহকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা কামনা করা হয়।

তবে ভোক্তা অধিদপ্তরের অভিযানে পাওয়া তথ্য অনুযায়ী, বায়োজিনের পণ্য তৈরির কারখানায় ছয় মাস থেকে এক বছর আগে মেয়াদ শেষ হওয়া বিভিন্ন কাঁচামাল ও রাসায়নিক পাওয়া যায়। এসব উপাদান ব্যবহার করে তৈরি পণ্য ঢাকাসহ বায়োজিনের ২৪টি শাখায় বিক্রি করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও ফেসবুকের মাধ্যমেও অনলাইনে পণ্য বিক্রি করা হচ্ছে।

বুধবার দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকায় বায়োজিনের পণ্য উৎপাদনকারী কারখানা ‘গ্রিন বায়োটেকনোলজি’তে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। এ সময় আনসার ব্যাটালিয়নের তিন সদস্যের একটি দল সহযোগিতা করে।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, ‘বায়োজিনের কারখানায় এসে যা দেখলাম, তা অবিশ্বাস্য। যেসব রাসায়নিক ব্যবহার করে পণ্য তৈরি করা হচ্ছে, সেগুলোরই মেয়াদ নেই। এতে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন হয়েছে।’

জব্দ করা বিভিন্ন ধরনের কাঁচামাল ধ্বংস করা হবে জানিয়ে শরিফুল ইসলাম বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারা অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠানটি বায়োজিন ব্র্যান্ডের বিভিন্ন প্রসাধনী পণ্য তৈরি করে। উৎপাদন কার্যক্রম পরিদর্শনে আকস্মিক অভিযান চালিয়ে সেখানে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক পাওয়া যায়। এসব উপকরণের মেয়াদ ছয় মাস থেকে এক বছর আগেই শেষ হয়েছে।’