আগামী ফুটবল মৌসুমের জন্য আর্জেন্টাইন-স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির পরিচালক ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া।
৫৩ বছর বয়সী ভারেলার রয়েছে উয়েফা প্রো লাইসেন্স। উপমহাদেশের ফুটবলে, বিশেষ করে ভারতে, দীর্ঘদিন কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ভারতের চার্চিল ব্রাদার্স, স্পোর্টিং ক্লাব দ্য গোয়া, গোকুলাম কেরালা এফসি, বেঙ্গালুরু ইউনাইটেড ও শ্রীনিধি ডেকান এফসির দায়িত্ব পালন করেছেন। এছাড়া আফগানিস্তান ও স্পেনের নিচের সারির বিভাগের ক্লাবেও কোচিং করিয়েছেন তিনি।
এর আগে মোহামেডান উজবেকিস্তান ও সুইডেনের কোচদের নিয়েও ভাবছিল। শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়ার ফুটবল সম্পর্কে ভারেলার ভালো ধারণা থাকায় তাকেই বেছে নেয় ক্লাবটি।
মঙ্গলবার ক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের লোকমান হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা অনেক কোচের সাথে যোগাযোগ করেছি। তবে সব সিভি বিবেচনা করে তাকেই এগিয়ে রেখেছি, কারণ এই উপমহাদেশে, বিশেষ করে ভারতে তার ভালো অভিজ্ঞতা রয়েছে। এই অঞ্চলের দল কীভাবে সামলাতে হয়, সেটা তিনি জানেন। এ কারণেই আগামী এক বছরের জন্য তাকে প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছি।’
বাংলাদেশের ফুটবলেও অপরিচিত নন ভারেলা। ২০১৯ সালে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ খেলতে বাংলাদেশে এসেছিলেন তিনি। সে সময় গোকুলাম কেরালা এফসির কোচ হিসেবে দলকে ফাইনালে তুলেছিলেন। তবে ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হেরে রানার্সআপ হয় গোকুলাম।
নতুন কোচের বাংলাদেশে আসার তারিখ অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। দেশের ঘরোয়া লিগ শুরুর সময়সূচি নিয়ে অনিশ্চয়তা থাকায় লিগ শুরুর বিষয়টি নিশ্চিত হওয়ার পরই ভারেলাকে ঢাকায় আনার পরিকল্পনা মোহামেডানের।


