এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে ওঠার লড়াইয়ে আজ মঙ্গলবার (১১ আগস্ট) ফর্টিস এফসির মুখোমুখি হবে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। এএফসি প্রতিযোগিতায় অভিষেকেই ইতিহাস গড়ার সুযোগ রয়েছে ফর্টিসের সামনে।
ম্যাচের আগে ঢাকার আবহাওয়া নিয়ে কথা বলেছেন মুরাসের ব্রাজিলিয়ান কোচ এদমার দে লাসেরদা। সোমবার (১০ আগস্ট) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা এই আবহাওয়া সম্পর্কে জানি। এটি আমাদের জন্য কঠিন, তবে ফর্টিসের জন্যও কঠিন‘। অর্থাৎ গরমকে অজুহাত হিসেবে দেখছেন না তিনি।
প্রস্তুতির দিক থেকে অবশ্য এগিয়ে মুরাস। বাংলাদেশের ঘরোয়া ফুটবল শেষ হয়েছে প্রায় আড়াই মাস আগে। বিপরীতে কিরগিজ লিগে নিয়মিত খেলছে মুরাস এবং ঢাকায় আসার চার দিন আগেও একটি ম্যাচ খেলেছে তারা।
ফর্টিস কোচ মাসুদ পারভেজ কায়সার জানিয়েছেন, এই ম্যাচ শুধু ক্লাবের জন্য নয়, বাংলাদেশের প্রতিনিধিত্বের দিক থেকেও গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক ম্যাচের ঘাটতি পূরণে পুলিশ এফসির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ফর্টিস।
গত বছর আবাহনীকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে উঠেছিল মুরাস। এবারও ফর্টিসকে নিয়ে প্রস্তুতি নিয়েছে তারা। ফর্টিসের তিনটি ম্যাচ দেখে ব্রাজিলিয়ান কোচের মূল্যায়ন, ‘তাদের ভালো খেলোয়াড় আছে, ভালো দল আছে, তারা ভালো ফুটবল খেলে। ওদের বলের ওপর নিয়ন্ত্রণ ভালো।’
একই দিনে এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের আরেক প্রতিনিধি পুলিশ এফসি জর্ডানের আম্মানে রাত ১১টায় সিরিয়ার আল ইত্তিহাদের বিপক্ষে খেলবে।


