প্রতিদিন অসংখ্য ব্যবহারকারীকে অনাকাঙ্ক্ষিত ও বিরক্তিকর স্প্যাম মেসেজের মুখোমুখি হতে হয়। কখনও অচেনা নম্বর থেকে অফারের নামে প্রচারণা, কখনও আবার প্রতারণামূলক লিংক পাঠিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা-এসব সমস্যা দিন দিন বেড়েই চলেছে।
এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।
প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ‘মেসেজ লিমিট’ নামে একটি নতুন নিরাপত্তা ফিচার পরীক্ষা করছে। এর মূল উদ্দেশ্য হলো অস্বাভাবিক হারে বা স্বল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক বার্তা পাঠানো অ্যাকাউন্টগুলোকে শনাক্ত করে তাদের কার্যক্রম সীমিত করা। এর ফলে ব্যবহারকারীদের ইনবক্সে স্প্যাম ও অবাঞ্ছিত বার্তার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো অ্যাকাউন্ট অতিরিক্ত সংখ্যক মেসেজ পাঠানোর চেষ্টা করলে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে সেই অ্যাকাউন্টের বার্তা পাঠানোর সক্ষমতা সাময়িকভাবে সীমিত করতে পারে। এতে সাধারণ ব্যবহারকারীদের কাছে অপ্রয়োজনীয় বা ক্ষতিকর বার্তা পৌঁছানোর প্রবণতা কমবে এবং প্রতারণার ঝুঁকিও হ্রাস পাবে।
শুধু স্প্যাম নিয়ন্ত্রণই নয়, ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা জোরদারে গত কয়েক বছরে ধারাবাহিকভাবে নতুন নতুন ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে রয়েছে চ্যাট লক, এন্ড-টু-এন্ড এনক্রিপশন, অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি, অজানা নম্বর সাইলেন্স করার সুবিধা, ইউজারনেম ব্যবস্থা এবং দুই ধাপের নিরাপত্তা (Two-Step Verification)। নতুন স্প্যাম নিয়ন্ত্রণ ব্যবস্থা এই নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।
তবে নতুন ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রথমে এটি বেটা সংস্করণের ব্যবহারকারীদের জন্য চালু করা হতে পারে। পরীক্ষা সফল হলে ধাপে ধাপে অ্যান্ড্রয়েড ও আইওএস-উভয় প্ল্যাটফর্মের সব ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করবে হোয়াটসঅ্যাপ।

