...|...|...

খেলা

মেসি-রোনালদোর সাথে তুলনায় ইয়ামালকে এগিয়ে রাখলেন জেরার্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, সকাল ১১:৫০
Shares
মেসি-রোনালদোর সাথে তুলনায় ইয়ামালকে এগিয়ে রাখলেন জেরার্ড

ছবি: সংগৃহীত

বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালকে নিয়ে বড়সড় মন্তব্য করেছেন লিভারপুলের কিংবদন্তি স্টিভেন জেরার্ড। তার মতে, ১৯ বছর বয়সে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি যে পর্যায়ে ছিলেন, ইয়ামাল এখন তাদের চেয়েও এগিয়ে। তবে দুই মহাতারকার মতো দীর্ঘ ও সফল ক্যারিয়ার গড়তে হলে ইয়ামালকে ধারাবাহিকতা ধরে রাখার কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘দ্য ওভারল্যাপ ডেইলি’তে কথা বলার সময় বার্সেলোনার এই তরুণকে নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন জেরার্ড। খেলোয়াড়ি জীবনে মেসির বিপক্ষে খেলার অভিজ্ঞতা থেকে তুলনাটি টেনে তিনি বলেন, ‘১৯ বছর বয়সে ক্রিশ্চিয়ানো রোনালদো যেখানে ছিল, ইয়ামাল তার চেয়ে অনেক বেশি এগিয়ে। তরুণ বয়সে আমি মেসির বিপক্ষেও খেলেছি, সম্ভবত এই বয়সে সে মেসির থেকেও কিছুটা এগিয়ে আছে।’

জেরার্ডের এই মন্তব্যে ইয়ামালের প্রতিভা ও সামর্থ্যের প্রতি তার মুগ্ধতার বিষয়টি স্পষ্ট হয়েছে। অল্প বয়সেই বার্সেলোনার গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠা এই স্প্যানিশ ফরোয়ার্ড নিজের পারফরম্যান্স দিয়ে ফুটবল বিশ্বে আলাদা পরিচিতি তৈরি করেছেন।

তবে ইয়ামালের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হলেও তাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাবেক এই ইংলিশ মিডফিল্ডার। তার মতে, মেসি ও রোনালদোর মতো উচ্চতায় পৌঁছানো শুধু প্রতিভার বিষয় নয়। বছরের পর বছর একই মানের পারফরম্যান্স ধরে রাখা এবং ফুটবলের প্রতি ক্ষুধা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ।

জেরার্ডের মূল্যায়নে, ইয়ামালের সামনে সম্ভাবনার বিশাল দুয়ার খোলা। তবে মেসি-রোনালদোর মতো কিংবদন্তি হয়ে উঠতে হলে দীর্ঘ সময় ধরে নিজেকে প্রমাণ করতে হবে এই তরুণ তারকাকে।