আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ অধ্যায়ের ঘোষণা ঘিরে ফুটবল বিশ্বে চলছে নানা আলোচনা। তিন পৃষ্ঠা দীর্ঘ এক চিঠিতে জাতীয় দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানালেও, সেই চিঠির কেটে দেওয়া একটি শব্দ এখন নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছে।
হাতে লেখা ওই চিঠির একটি গুরুত্বপূর্ণ অংশে প্রথমে একটি শব্দ লিখেছিলেন মেসি, পরে সেটি কেটে দেন। আর সেই পরিবর্তন নিয়েই শুরু হয়েছে নানা বিশ্লেষণ।
চিঠিতে মেসি প্রথমে স্প্যানিশ শব্দ ‘সিয়েন্তো’ লিখেছিলেন, যার অর্থ ‘আমি অনুভব করি’। তবে কিছুক্ষণ পর শব্দটি কেটে দিয়ে তিনি লেখেন ‘এন্তিয়েন্দো কে এস এল মোমেনতো’, যার অর্থ ‘আমি বুঝতে পারছি, এখনই সময়’।

বিশ্লেষকদের মতে, এই ছোট্ট পরিবর্তনের মধ্যেই মেসির মানসিক অবস্থার একটি বড় ইঙ্গিত পাওয়া যায়। কারণ ‘আমি অনুভব করছি’ এবং ‘আমি বুঝতে পারছি’-এই দুই বাক্যের মধ্যে রয়েছে বড় পার্থক্য।
মেসি যদি শুধু ‘অনুভব করছি’ লিখতেন, তাহলে বিষয়টি আবেগের সিদ্ধান্ত হিসেবে দেখা যেত। কিন্তু শব্দ পরিবর্তন করে ‘বুঝতে পারছি’ লেখায় বোঝা যায়, দীর্ঘ চিন্তাভাবনা ও বাস্তবতা বিবেচনা করেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ একাধিক সাফল্যের সাক্ষী মেসি। তাই জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তটি যে তার জন্য আবেগঘন ছিল, তা স্পষ্ট। তবে চিঠির ওই কেটে দেওয়া শব্দটিই যেন জানিয়ে দিচ্ছে এটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, বরং সময়ের সাথে পরিণত হওয়া এক কঠিন উপলব্ধি।

