...|...|...

খেলা

মেসিকে স্পেনের হয়ে খেলানোর চেষ্টা, কেন রাজি হননি আর্জেন্টাইন মহাতারকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, সকাল ১১:৩৭ | আপডেট: ৯ অক্টোবর ২০২৬, সকাল ১১:২৬
Shares
মেসিকে স্পেনের হয়ে খেলানোর চেষ্টা, কেন রাজি হননি আর্জেন্টাইন মহাতারকা

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির আবেগঘন বিদায়ের দুদিন পর সামনে এসেছে তার ক্যারিয়ারের পুরোনো এক অধ্যায়। বার্সেলোনার যুব দলে খেলার সময় মেসিকে স্পেনের জাতীয় দলের হয়ে খেলানোর চেষ্টা করেছিলেন দেশটির ফুটবল কর্মকর্তারা। তবে নানা উদ্যোগ নেওয়ার পরও আর্জেন্টিনার প্রতি নিজের টান থেকে সরে আসেননি মেসি। স্পেনের বয়সভিত্তিক দলের সাবেক সমন্বয়ক গিনেস মেলেন্দেজ জানিয়েছেন, কিশোর বয়সেই জাতীয় দল নিয়ে নিজের সিদ্ধান্তে অটল ছিলেন আর্জেন্টাইন এই তারকা।

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) হয়ে মেসিকে স্পেনের জার্সিতে খেলানোর সেই প্রচেষ্টার স্মৃতিচারণা করেছেন মেলেন্দেজ। স্প্যানিশ গণমাধ্যম ওন্দা সেরোর ‘রাদিওএস্তাদিও নোচে’ অনুষ্ঠানে তিনি জানান, মেসিকে প্রথম দেখেছিলেন ১২ বছর বয়সে। তার ভাষায়, ‘আমি মেসিকে প্রথম তার ১২ বছর বয়সে দেখেছিলাম। তাকে দেখে মনে হয়েছিল, যেন কোনো কার্টুন থেকে উঠে এসেছে। সে বল পায়ে নিতো, এরপর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেত, পথে ড্রিবলিংয়ে পরাস্ত করত সবাইকে।’

মেলেন্দেজের বর্ণনা অনুযায়ী, সে সময় বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়ায় নিজের প্রতিভা দিয়ে সবার নজর কেড়েছিলেন মেসি। তার সমসাময়িক খেলোয়াড়দের মধ্যে ছিলেন জেরার্ড পিকে ও সেস ফাব্রেগাস, যারা পরবর্তী সময়ে স্পেনের ফুটবলেও সাফল্য পেয়েছেন।

মেসিকে স্পেনের হয়ে খেলানোর পরিকল্পনার অংশ হিসেবে তার কাছের সতীর্থদের দিয়েও বোঝানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনো উদ্যোগই কাজে আসেনি। স্পেন অনূর্ধ্ব-১৫ দলের তৎকালীন কোচ মেলেন্দেজ বলেন, ‘তারা (আরএফইএফ) আমাকে বলেছিল, আর্জেন্টাইন ছেলেটিকে স্পেনের হয়ে খেলতে রাজি করাতে হবে। আমরা সম্ভাব্য সব উপায়েই চেষ্টা করেছিলাম, এমনকি তার নিজের সতীর্থদের মাধ্যমেও। তাকে রাজি করানোর কোনো উপায়ই ছিল না। ১৪ বছর বয়সী ছেলেদের নিয়ে আমরা ইংল্যান্ডে একটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছিলাম। সেখানে নেদারল্যান্ডস এবং পর্তুগালও ছিল। এই বয়সী ছেলেদের জন্য এমন টুর্নামেন্ট ছিল অসাধারণ একটি সুযোগ। কিন্তু কিছুতেই কিছু হলো না। লিও আমাদের হয়ে খেলতে চাইত না। সে নিজের সিদ্ধান্তে অটল ছিল, আর্জেন্টিনার হয়েই খেলতে চেয়েছিল।’

সাক্ষাৎকারে ২০০৩ সালের একটি ঘটনাও তুলে ধরেন মেলেন্দেজ। সে সময় ফিনল্যান্ডে একটি বিশ্বকাপ খেলতে গিয়েছিল স্পেনের দল। সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল তাদের। সেখানে আর্জেন্টিনার কোচ হুগো তোকাল্লির সাথে দেখা হয় মেলেন্দেজের।

সেই সাক্ষাতের স্মৃতি জানিয়ে তিনি বলেন, ‘আমরা ফিনল্যান্ডে বিশ্বকাপ খেলতে গিয়েছিলাম এবং সেমিফাইনালে উঠি। সেখানে আমাদের প্রতিপক্ষ হওয়ার কথা ছিল আর্জেন্টিনা। আমরা খাবার ঘরের দিকে যাচ্ছিলাম, এমন সময় কেউ একজন আমার নাম ধরে ডাকল। পেছনে ফিরে দেখি, আর্জেন্টিনার কোচ তোকাল্লি।’

মেলেন্দেজ আরও বলেন, ‘আমি তাকে বললাম, “আমরা বিশ্বচ্যাম্পিয়ন হব, কারণ তোমরা মেসিকে দলে আনোনি। তোমাদের তাকে নিয়ে আসা উচিত ছিল, কারণ সে আমাদের হয়ে খেলতে চায়নি।” জবাবে তিনি বললেন, “আমি একটি ম্যাচের আয়োজন করব এবং প্রথমবারের মতো তাকে দলে ডাকব। কারণ তারা আমাকে তার একটি ভিডিও পাঠিয়েছে। ছেলেটি অসাধারণ।‘’

এরপর ২০০৪ সালের ২৯ জুন আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দল প্যারাগুয়ের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে। ম্যাচে ৮-০ গোলের বড় জয় পায় আর্জেন্টিনা। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার আর্জেন্টিনার হয়ে নিশ্চিত করার লক্ষ্যেই ম্যাচটি আয়োজন করা হয়েছিল। ১৭ বছর বয়সী মেসি সেই ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেন। এর মধ্য দিয়ে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলার পথে তার অঙ্গীকার আরও স্পষ্ট হয়ে ওঠে।