...|...|...

ঢাকা

মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেফতার ৪

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:০৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৫৮
Shares
মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেফতার ৪

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে আন্তঃজেলা চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই অটোরিকশা, একটি হ্যান্ডকাফ ও দুটি ওয়াকিটকি সদৃশ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪ টায় মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম পিপিএম।

পুলিশ সুপার জানান, বুধবার (১৯ আগস্ট) বিকেলে গজারিয়ার চরবাউশিয়া এলাকায় অভিযানকালে সন্দেহজনকভাবে অটোরিকশায় থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছে হ্যান্ডকাফ ও ওয়াকিটকি সদৃশ সরঞ্জাম পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পরিচয়ে অটোরিকশাচালকদের ভয়ভীতি দেখিয়ে অটোরিকশা চুরির কথা স্বীকার করে।

আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থেকে হাবিবুর (৪০) এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ী থেকে কাশেম ঢালী (৫০)কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট তিনটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

গ্রেফতার অন্য দুইজন হলেন—শামীম সৌরভ (৩২) ও শাকিব ওরফে শাকিল (২৪)। পুলিশ জানায়, চক্রটি চুরি করা অটোরিকশা দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।