নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম কামাল উদ্দিন মুক্তি পেয়েছেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় আদালতের মাধ্যমে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মুক্তি পান তিনি।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে কর্ণফুলী থানায় নেওয়া হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, নিরাপত্তার স্বার্থে শুক্রবার রাতে এম কামাল উদ্দিনকে থানায় নেওয়া হয়েছিল। পরে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হলেও কেউ থানায় দেখা করতে আসেননি। তার বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির ৮৮ ধারায় তাকে আদালতে পাঠানো হয়। পরে আদালত থেকে তিনি মুক্তি পান।
অ্যাডভোকেট এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।
গত অক্টোবর মাসে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তিনি। আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে এই কমিটি গঠনের কথা জানান কামাল উদ্দিন। একই সাথে নিজেকে সংগঠনটির সভাপতি হিসেবে পরিচয় দেন।
এরপর সংগঠনটি নিয়ে তার বিভিন্ন বক্তব্যের ভিডিও ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে অনলাইনে আলোচনা তৈরি হয়। সেই আলোচনার কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠা কামাল উদ্দিনই শুক্রবার রাতে কর্ণফুলীর একটি ভাড়া বাসা থেকে পুলিশের হাতে আটক হন। পরে শনিবার আদালতের মাধ্যমে মুক্তি পান।


