মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র প্রশিক্ষণের অভিযোগে আটক মার্কিন নাগরিক ম্যাথিউ ভ্যানডাইক এবং ছয় ইউক্রেনীয় নাগরিককে ভারত প্রবাসে থাকার অনুমতি আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে দিল্লির একটি আদালত। মামলার বিভিন্ন দিক নিয়ে আরও তদন্তের জন্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা জাতীয় তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার এই শুনানির দিন ধার্য ছিল। এর আগে মার্কিন নাগরিক ম্যাথিউ ভ্যানডাইককে এক মাসের জন্য নিজের দেশে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল এবং নির্ধারিত শুনানিতে অংশ নিতে তিনি সম্প্রতি ভারতে ফিরে আসেন। তবে অভিযুক্ত ছয় ইউক্রেনীয় নাগরিক এখনও ভারতে ফিরে আসেননি।
সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, গত মাসের এক আদেশে আদালত ভ্যানডাইককে ভারতে ফেরার ৭২ ঘণ্টার মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। এর আগে দিল্লি আদালত কঠোর ‘অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন’-এর ধারায় ভ্যানডাইক ও ছয় ইউক্রেনীয় নাগরিককে গ্রেফতার করেছিল। তবে গত সেপ্টেম্বরে আদালতে দাখিল করা চার্জশিটে এনআইএ সেই কঠোর ধারাগুলো বাদ দেয়।
চার্জশিটে এনআইএ কেবল ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট বা অভিবাসন ও বিদেশি আইনের অধীনে অভিযুক্ত করে, যা আপসযোগ্য বা কম্পাউন্ডেবল অপরাধ। ভ্যানডাইক এই আইনের অধীনে অভিযুক্ত লঙ্ঘনের জন্য কম্পাউন্ডিং ফি পরিশোধ করেন এবং গত মাসে আদালত তাকে জামিন মঞ্জুর করে।


