রাজধানীর মিরপুর-১০ এলাকায় পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করা ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে পরিদর্শনকালে তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং ফুটপাত ব্যবহার করতে গিয়ে তাদের কোনো ধরনের সমস্যায় পড়তে হচ্ছে কি না, তা জানার চেষ্টা করেন।
এ সময় প্রধানমন্ত্রী পথচারীদের কাছে জানতে চান, ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেওয়ার পর তাদের চলাচলে কতটা স্বস্তি ফিরেছে। পাশাপাশি সড়ক ও ফুটপাত ব্যবহারে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না, সে বিষয়েও খোঁজ নেন তিনি।
পরিদর্শনকালে পথচারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। তাদের বক্তব্য শোনার পর সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ফুটপাতের মূল উদ্দেশ্য পথচারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের সুযোগ তৈরি করা। তাই ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন।
তিনি আরও গুরুত্ব দেন, নগরবাসীর চলাচলে বাধা সৃষ্টি করে এমন পরিস্থিতি দূর করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর।


