মালয়েশিয়া যুবদলের নবগঠিত কমিটি নিয়ে বিরোধ প্রকাশ্যে এসেছে। কমিটি গঠনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অবমূল্যায়ন, পক্ষপাতিত্ব এবং বিতর্কিত ব্যক্তিদের পদ দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির শতাধিক নেতাকর্মী। এ সময় তারা বর্তমান কমিটি বাতিল করে আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
রবিবার (১১ অক্টোবর) কুয়ালালামপুরের একটি হোটেলে যুবনেতা মো. মিনহাজ মন্ডলের নেতৃত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন, তাদের অনেককেই নবগঠিত কমিটিতে স্থান দেওয়া হয়নি। অথচ প্রবাসে থেকে আন্দোলনে অংশ নেওয়া অনেক নেতাকর্মী পুলিশি হয়রানি ও জেল-জুলুমের শিকার হয়েছেন।
বক্তারা বলেন, মালয়েশিয়া যুবদলের ১০১ সদস্যের কমিটিতে দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করা দুই শতাধিক নেতাকর্মীকে উপেক্ষা করা হয়েছে। তাদের অভিযোগ, কমিটি গঠনের ক্ষেত্রে সাংগঠনিক যোগ্যতা ও আন্দোলনে অবদানের পরিবর্তে ব্যক্তিগত আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিকে অগঠনতান্ত্রিক, পক্ষপাতদুষ্ট ও বিতর্কিত আখ্যা দিয়ে তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা এবং জামায়াত-শিবির ও আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার ঘটনা সংগঠনের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়নি।
বক্তারা বলেন, ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কোনো কমিটি গঠন করা হলে তা সংগঠনের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করবে। তাই অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করতে হবে।
সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. রমজান আলীর ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। উপস্থিত নেতাদের অভিযোগ, কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা উপেক্ষা করে নিজেদের অনুগত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
এ সময় মালয়েশিয়া যুবদলের সিনিয়র সহসভাপতি মো. নূর সিদ্দিকী সুমন, সহসভাপতি শেখ মোহাম্মদ সেলিম, নাজমুল হাসান ও খালিদ হাসান রিপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মিনহাজ মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার তামিলজায়া বিএনপির উপদেষ্টা মোহাম্মদ নয়ন, মালয়েশিয়া শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু ইমান আলী হানিফ এবং যুবনেতা মেহেদী হাসান, জহিরুল ইসলাম জনি, শামীম উল্লাহ, তনু সরদার, খোকন মিয়া, মো. রুবেল, মোহাম্মদ রফিক, মো. শাহজাহানসহ অনেকে।
সংবাদ সম্মেলন থেকে নেতাকর্মীরা তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একইসাথে সংগঠনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে মালয়েশিয়া যুবদলে সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনার দাবি জানান তারা।


