...|...|...

প্রবাস

মালয়েশিয়ায় ভিসাহীন বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:০৯ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৩৭
Shares
মালয়েশিয়ায় ভিসাহীন বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

মালয়েশিয়ায় ভিসা ও বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানরত বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। একই সাথে দেশে ফেরার প্রক্রিয়ায় দালাল বা তৃতীয় পক্ষের মাধ্যমে প্রতারণার শিকার না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ফেসবুক পেজে প্রচারিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম প্রেস সচিব তরিকুল ইসলাম এ আহ্বান জানান।

তিনি বলেন, মালয়েশিয়া সরকারের মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২.০ এর আওতায় অনিয়মিত ও নথিবিহীন বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরার সুযোগ রয়েছে। বাংলাদেশিরাও নির্ধারিত নিয়ম মেনে এ কর্মসূচির সুবিধা নিতে পারবেন।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, দেশে ফিরতে ইচ্ছুকদের প্রথমে বৈধ বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট না থাকলে বা মেয়াদ শেষ হয়ে গেলে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করতে হবে। এরপর নিশ্চিত বিমান টিকিট নিয়ে নির্ধারিত ইমিগ্রেশন অফিসে আবেদন করতে হবে।

আবেদনকারীদের অবশ্যই নিজে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। কোনো দালাল, প্রতিনিধি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করা যাবে না।

এ ক্ষেত্রে পাসপোর্ট বা ট্রাভেল পারমিট, প্রয়োজনীয় কপি, ইমিগ্রেশন পাসের কপি এবং নিশ্চিত বিমান টিকিটসহ নির্ধারিত কাগজপত্র সাথে রাখতে হবে। পাশাপাশি প্রযোজ্য সরকারি ফি ও জরিমানা অনুমোদিত পদ্ধতিতে পরিশোধ করতে হবে।

দালালদের বিষয়ে বিশেষ সতর্কতা দিয়ে তরিকুল ইসলাম বলেন, ২.০ এর আওতায় আবেদন করতে কোনো দালালকে অতিরিক্ত অর্থ দেওয়ার প্রয়োজন নেই। কেউ বিশেষ সুবিধা দেওয়ার কথা বলে টাকা দাবি করলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

হাইকমিশনের পক্ষ থেকে ভিসাহীন বাংলাদেশিদের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে সংশ্লিষ্ট ইমিগ্রেশন অফিস ও বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ করে কর্মসূচির সর্বশেষ নিয়ম ও তথ্য জেনে নিরাপদে দেশে ফেরার আহ্বান জানানো হয়েছে।