...|...|...

বিশ্ব

মার্কিন সিনেটে প্রথম মুসলিম হয়েই ‘হাবিবি পিএসি’ চালু করলেন আবদুল এল-সায়েদ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩১
Shares
মার্কিন সিনেটে প্রথম মুসলিম হয়েই ‘হাবিবি পিএসি’ চালু করলেন আবদুল এল-সায়েদ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে নির্বাচিত হওয়ার কয়েক দিনের মধ্যেই ‘হাবিবি পিএসি’ নামে একটি রাজনৈতিক তহবিল সংগ্রহ কমিটি গঠন করেছেন মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদ।

সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফেডারেল ইলেকশন কমিশনে (এফইসি) জমা দেওয়া নথি অনুযায়ী, সংগঠনটি ‘লিডারশিপ পলিটিক্যাল অ্যাকশন কমিটি’ হিসেবে নিবন্ধিত হয়েছে। এর পৃষ্ঠপোষক এল-সায়েদ নিজেই। এ ধরনের কমিটির মাধ্যমে রাজনীতিবিদেরা দলের অন্য প্রার্থী ও রাজনৈতিক সংগঠনকে আর্থিক সহায়তা দিয়ে থাকেন।

আরবি শব্দ ‘হাবিবি’র অর্থ ‘আমার প্রিয়’। নির্বাচনী প্রচারণায় শব্দটি প্রায়ই ব্যবহার করতেন এল-সায়েদ। বিজয় ভাষণেও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে উদ্দেশ করে তিনি বলেন, ‘জে ডি, হাবিবি, বিষয়টি বেশ কৌতুকপূর্ণ যে, সংবিধান অনুযায়ী জানুয়ারিতে আমাকে শপথ পড়ানোর দায়িত্ব আপনারই।’

মিশরীয় অভিবাসী পরিবারের সন্তান এল-সায়েদ এবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন। প্রচারণার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জে ডি ভ্যান্স ও সিনেটর টেড ক্রুজ তাঁর আনুগত্য নিয়ে প্রশ্ন তোলেন। তাঁকে ‘জিহাদি’ আখ্যা দেওয়ার পাশাপাশি প্রমাণ ছাড়াই মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত করার অভিযোগও তোলা হয়।

এল-সায়েদ নির্বাচনী প্রচারণায় রাজনীতিতে অর্থের প্রভাব কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিজয় ভাষণে তিনি বলেন, অর্থের শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াইয়ে সাধারণ মানুষই জয়ী হতে পারে।

এদিকে ওপেনসিক্রেটসের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মোট ব্যয় ১১ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। ২০২২ সালে এই ব্যয় ছিল ৮ দশমিক ৯ বিলিয়ন ডলার। সুপার পিএসির মাধ্যমে বাইরের ব্যয় ৩ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে রাজনীতিতে অর্থের প্রভাব কমানোর প্রতিশ্রুতি দেওয়া এল-সায়েদের নিজস্ব রাজনৈতিক তহবিল গঠনের উদ্যোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।