...|...|...

বিশ্ব

মার্কিন বিচার বিভাগের ৩ শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৪
Shares
মার্কিন বিচার বিভাগের ৩ শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে উচ্চপদস্থ কর্মকর্তাদের পদত্যাগের ঘটনা বেড়েছে। এবার দেশটির বিচার বিভাগের (ডিওজে) আরও দুই শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। 

শুক্রবার (৬ নভেম্বর) তাদের পদত্যাগের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ এই বিভাগে নেতৃত্বের সংকট আরও প্রকট হয়ে উঠেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

পদত্যাগ করা দুই কর্মকর্তা হলেন মার্কিন বিচার বিভাগের জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান জন আইজেনবার্গ এবং ট্রাম্পের বিরুদ্ধে অতীতে পরিচালিত ফৌজদারি তদন্তগুলো পুনরায় খতিয়ে দেখার দায়িত্বে থাকা জেসন রেডিং কুইনিয়োনেস।

এর আগে বৃহস্পতিবার বিচার বিভাগের নাগরিক অধিকার বিভাগের প্রধান হারমিত ধিলন পদত্যাগ করেন। পরপর এসব পদত্যাগের ফলে বিচার বিভাগের দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যেমন ট্রাম্পের বিরুদ্ধে অতীতের তদন্তগুলো পুনর্বিবেচনা এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম নেতৃত্বশূন্য হয়ে পড়েছে।

তবে আইজেনবার্গ ও কুইনিয়োনেস ঠিক কী কারণে পদত্যাগ করেছেন, তা এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পর প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘটনা অস্বাভাবিক নয়। বিশেষ করে ক্ষমতাসীন দল বড় ধরনের নির্বাচনী বিপর্যয়ের মুখে পড়লে এমন প্রবণতা আরও বেড়ে যায়।

এদিকে কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড এবং প্রেসিডেন্টের ব্যবসায়িক কার্যক্রম নিয়ে একাধিক তদন্ত শুরুর পরিকল্পনা করছেন।

ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের শীর্ষ ফেডারেল কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করেছেন কুইনিয়োনেস। ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে বিচার বিভাগকে কাজে লাগানোর প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।