...|...|...

খেলা

মারা গেলেন আধুনিক ফুটবলের অন্যতম রূপকার হারুনুর রশীদ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সকাল ১১:৩৬
Shares
মারা গেলেন আধুনিক ফুটবলের অন্যতম রূপকার হারুনুর রশীদ

হারুনুর রশীদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশের আধুনিক ফুটবলের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখা আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবারের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আর নেই। দেশের ক্রীড়া সংগঠকদের কাছে ‘হারুন ভাই’ নামে পরিচিত এই ব্যক্তিত্বের মৃত্যুতে হারিয়েছে ফুটবলের এক নিবেদিতপ্রাণ সংগঠককে।

সোমবার (৯ নভেম্বর) রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন হারুনুর রশীদ। তার বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। 

আবাহনীর শুরুর দিনগুলোর অন্যতম কারিগর

আজকের আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠা ও বিকাশের পেছনে যাঁদের অবদান সবচেয়ে বেশি, তাদের মধ্যে হারুনুর রশীদ অন্যতম। ক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আবাহনীর ঐতিহ্যবাহী লোগোটিও তার নকশা করা। জাতিসংঘের পতাকার রঙের অনুপ্রেরণায় দুই পাশে লতাপাতার বেষ্টনী রেখে লোগোটি তৈরি করেছিলেন তিনি।

নতুন বাংলাদেশে ফুটবল, ক্রিকেট ও হকিতে  আধুনিক ধারার বিকাশে আবাহনীর যে ভূমিকা, তার পেছনে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে হারুনুর রশীদের অবদান ছিল উল্লেখযোগ্য।

দেশের ফুটবল প্রশাসনেও রেখেছেন ছাপ

১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন হারুনুর রশীদ। আবাহনীর সংগঠক হিসেবে পরিচিতি পেলেও দেশের ফুটবল প্রশাসনেও দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাঁচবার বাফুফের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এ ছাড়া ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতির দায়িত্বও পালন করেছেন।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবল প্রশাসনেও সক্রিয় ছিলেন হারুনুর রশীদ। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার ও এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ড। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনও তাকে সেরা সংগঠকের সম্মাননা দিয়েছে। ২০২৩ সালে প্রথমবারের মতো দেওয়া কায়সার সিনহা সংগঠক পুরস্কারেও ভূষিত হন তিনি।

আবাহনী ক্লাবটির প্রতিষ্ঠা থেকে শুরু করে আধুনিক ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার প্রতিটি পর্যায়ে তার শ্রম ও পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই আবাহনীর সমর্থক ও ক্রীড়াঙ্গনের মানুষের কাছে তিনি শুধু একজন সংগঠক নন, পরিচিত ছিলেন আপনজন ‘হারুন ভাই’ হিসেবে।