পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় দলের কোনো নেতা-কর্মী জড়িত কি না, তা তদন্ত করে দেখবে কমিটি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ দাফনে বাধা সৃষ্টির অভিযোগের সাথে দলের কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে দুই সদস্যের কমিটি করা হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন ও নূরুল ইসলাম বুলবুল।
কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


