...|...|...

ঢাকা

মাদারীপুরে ৬১ ইটভাটার একটিরও বৈধ কাগজপত্র নেই

শাওন বল, মাদারীপুর
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, রাত ৯:৫২
Shares
মাদারীপুরে ৬১ ইটভাটার একটিরও বৈধ কাগজপত্র নেই

ছবি: টাইমস টুডে

মাদারীপুরে পরিবেশ আইন ও প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে পরিচালিত হচ্ছে ৬১টি ইটভাটা। জেলার কোনো ইটভাটারই নেই বৈধ লাইসেন্স কিংবা পরিবেশ অধিদফতরের ছাড়পত্র। এসব ইটভাটায় জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে প্রকাশ্যে পোড়ানো হচ্ছে কাঠ। এমনকি ভাটার ভেতরেই বসানো হয়েছে করাতকল। সেখানে বনজ ও ফলজ গাছ কেটে সেই কাঠ ব্যবহার করা হচ্ছে ইট পোড়ানোর কাজে। এতে একদিকে উজাড় হচ্ছে গাছপালা, অন্যদিকে কালো ধোঁয়ায় মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ।

খোঁজ নিয়ে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নেই রয়েছে ২৫টি ইটভাটা। পুরো সদর উপজেলায় ভাটার সংখ্যা ৩৭টি। এ ছাড়া শিবচরে ১৫টি, কালকিনিতে ৮টি এবং ডাসার উপজেলায় রয়েছে একটি ইটভাটা। সব মিলিয়ে জেলায় ইটভাটার সংখ্যা ৬১টি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব ইটভাটার কোনোটিরই বৈধ কাগজপত্র নেই।

সরেজমিনে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন ইটভাটা ঘুরে দেখা যায়, ফসলি জমির আশপাশে ও মাঝখানে গড়ে তোলা হয়েছে বিশাল আকৃতির ইটভাটা। অনেক ভাটার ভেতরেই বসানো হয়েছে কাঠ কাটার করাতকল। সেখানে বিভিন্ন বাগান থেকে আনা বনজ ও ফলজ গাছের কাঠ কেটে স্তূপ করে রাখা হয়েছে। পরে এসব কাঠ সরাসরি চুল্লিতে পুড়িয়ে তৈরি করা হচ্ছে ইট। অথচ পরিবেশ সংরক্ষণ ও ইট প্রস্তুতসংক্রান্ত আইন অনুযায়ী নির্ধারিত বিধি মেনে জ্বালানি ব্যবহার এবং পরিবেশগত ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ইটভাটার কালো ধোঁয়ায় এলাকার স্বাভাবিক পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি ফসলি জমির মাটি কেটে নেওয়ায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে। মাটিবাহী ট্রাক্টর ও ড্রামট্রাকের অবাধ চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়কগুলোও।

স্থানীয় বাসিন্দা সাকিব হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ইটভাটার কারণে আমাদের এলাকার পরিবেশ আজ ধ্বংসের মুখে। কালো ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে থাকে। ভাটার মালিকরা জোরপূর্বক আমাদের ফসলি জমির মাটি কেটে নিচ্ছেন। সারাদিন মাটিবাহী ট্রাক্টর ও ড্রামট্রাক চলাচলের কারণে গ্রামের রাস্তাঘাট ভেঙে একাকার হয়ে গেছে। এখন এসব রাস্তা দিয়ে চলাচল করাও কঠিন।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী কৃষক বলেন, ‘ইটভাটার মালিকরা এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। প্রতিবাদ করলে এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়ে। তারা পুকুরের মতো গভীর করে ফসলি জমির মাটি কাটেন। এতে পাশের জমিও ভেঙে ধসে পড়ে। একপর্যায়ে বাধ্য হয়ে নামমাত্র দামে জমি বিক্রি করতে হয়। আমরা এই পরিস্থিতি থেকে মুক্তি চাই।’

এ বিষয়ে মাদারীপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ইতোমধ্যে বিভিন্ন সময়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, ‘জেলায় পরিচালিত ইটভাটাগুলোর কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স নেই। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে দুঃখজনক বিষয় হলো, বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত বা অভিযান পরিচালনা করতে গেলে ভাটামালিকরা নানাভাবে বাধা সৃষ্টি করেন। তারপরও জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।’