...|...|...

খেলা

মাথায় বলের আঘাত পেয়ে মাঠের বাইরে স্মিথ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, রাত ৯:৩৮
Shares
মাথায় বলের আঘাত পেয়ে মাঠের বাইরে স্মিথ

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টের চতুর্থ দিনে ব্যাটিং করার সময় বাউন্সারে মাথায় আঘাত পেয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভেন স্মিথ। এর ফলে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে রান তাড়ার সময় আর ফিল্ডিংয়ে নামেননি ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার।

সোমবার (১২ অক্টোবর) ডারবান টেস্টের চতুর্থ দিনের খেলায় ঘটনাটি ঘটে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে নিজের মুখোমুখি হওয়া মাত্র চতুর্থ বলেই এনরিখ নরকিয়ার একটি তীব্র বাউন্সার স্মিথের হেলমেটে সজোরে আঘাত করে ফাইন লেগের দিকে চলে যায়।

আঘাতের পরপরই নিয়ম অনুযায়ী দলের ফিজিও ও চিকিৎসক মাঠে নেমে স্মিথকে পরীক্ষা করেন। এরপর হেলমেট পরিবর্তন করে ফের ব্যাটিং চালিয়ে যান তিনি। আউট হওয়ার আগে ৪১ বলে ২৭ রান করেন স্মিথ। পরে লং-অনে সাইমন হারমারের বলে মার্কো জানসেনের হাতে ক্যাচ দেন তিনি।

স্মিথ আউট হলেও প্রথম ইনিংসের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় ইনিংসেও লড়াকু ৮২ রানের হাফসেঞ্চুরি হাঁকান ম্যাট রেনশ। রেনশর ব্যাটে ভর করে ৫৮ ওভারে ৬ উইকেটে ৩১৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারীরা। এতে প্রোটিয়াদের সামনে জয়ের জন্য ৪২১ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায়।

শেষ সেশনে দক্ষিণ আফ্রিকা রান তাড়া করতে নামলে স্মিথের জায়গায় স্লিপ কর্ডনে বদলি ফিল্ডার হিসেবে নামেন মাইকেল নেসার।

অনলাইন সংবাদমাধ্যম ক্রিকইনফো জানায়, সোমবার পর্যন্ত স্মিথের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো ‘কনকাশন’ (মাথায় আঘাতজনিত জটিলতা) ধরা পড়েনি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নিশ্চিত করেছে, আগামী ম্যাচ বা অনুশীলনে নামার আগে স্মিথকে সম্পূর্ণ লক্ষণমুক্ত ঘোষণা করা বাধ্যতামূলক। দ্রুতই তার শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য জানানো হবে।

এই প্রতিবেদল লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছে।  জয়ের জন্য তাদের এখনও ৩১৯ রান প্রয়োজন। প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম ৪৫ এবং অধিনায়ক উইয়ান মুল্ডার ৫ রানে অপরাজিত ছিলেন।