...|...|...

অন্যান্য

মাত্র ২১ বছর বয়সী তরুন যেভাবে আবিষ্কার করেন টেলিভিশন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সকাল ১১:২২
Shares
মাত্র ২১ বছর বয়সী তরুন যেভাবে আবিষ্কার করেন টেলিভিশন

ছবি: সংগৃহীত

আজ ২১ নভেম্বর, বিশ্ব টেলিভিশন দিবস। একসময় বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিভিশন। সাদাকালো পর্দা থেকে শুরু করে রঙিন টিভি, এলসিডি, এলইডি হয়ে এখন স্মার্ট টিভি-প্রযুক্তির অগ্রগতির সাথে বদলে গেছে টেলিভিশনের ধরন ও ব্যবহার। তবে টেলিভিশন আবিষ্কারের ইতিহাসে জড়িয়ে আছে ২১ বছর বয়সী এক তরুণের নাম।

১৯২৭ সালে মাত্র ২১ বছর বয়সে বিশ্বের প্রথম ইলেকট্রনিক টেলিভিশন আবিষ্কার করেন মার্কিন উদ্ভাবক ফিলো টেলর ফার্নসওয়ার্থ। ১৪ বছর বয়স পর্যন্ত তিনি এমন একটি বাড়িতে বসবাস করতেন, যেখানে বিদ্যুৎ ছিল না।

হাইস্কুলে পড়ার সময়ই চলমান ছবি ধারণ ও দূরে পাঠানোর একটি প্রযুক্তির কথা ভাবতে শুরু করেন ফার্নসওয়ার্থ। তার পরিকল্পনা ছিল, চলমান ছবিকে সংকেতে রূপান্তর করে রেডিও তরঙ্গের মাধ্যমে অন্য যন্ত্রে পাঠানো। তার উদ্ভাবিত ব্যবস্থায় ইলেকট্রনের রশ্মি ব্যবহার করে চলমান ছবি ধারণ করা সম্ভব হয়েছিল। এ কারণে তিনি তৎকালীন যান্ত্রিক টেলিভিশন প্রযুক্তির চেয়ে এগিয়ে ছিলেন।

একবার এক সহযোগী উদ্ভাবক ফার্নসওয়ার্থকে প্রশ্ন করেছিলেন, এই যন্ত্র থেকে কবে আয় করা যাবে? জবাবে তিনি টেলিভিশনের পর্দায় একটি ডলারের চিহ্ন পাঠান। ঘটনাটি পরে বেশ আলোচিত হয়।

তবে ফার্নসওয়ার্থের আগে ১৯২৬ সালে টেলিভিশন প্রযুক্তির একটি প্রদর্শন করেন স্কটিশ উদ্ভাবক জন লোগি বেয়ার্ড। তার সেই অবদানের স্মরণে জাতিসংঘ ১৯৯৬ সালে ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।

টেলিভিশন শব্দটি গ্রিক ও লাতিন শব্দের সমন্বয়ে গঠিত। গ্রিক শব্দের অর্থ ‘দূরত্ব’ এবং লাতিন শব্দের অর্থ ‘দেখা’। এর মাধ্যমে দূরের কোনো দৃশ্য দেখার ধারণা প্রকাশ পায়।

টেলিভিশন প্রযুক্তির বিকাশে উনিশ শতকের শেষভাগ থেকেই বিভিন্ন বিজ্ঞানী ও উদ্ভাবক কাজ করেছেন। ১৮৭৩ সালে বিজ্ঞানী স্মিথ ইলেকট্রনিক সংকেতের মাধ্যমে ছবি পাঠানোর পদ্ধতি আবিষ্কার করেন বলে উল্লেখ রয়েছে। পরে জন লোগি বেয়ার্ড ১৯২৬ সালে সাদাকালো ছবি বৈদ্যুতিক সম্প্রচারের মাধ্যমে দূরে পাঠাতে সক্ষম হন।

১৯৩৬ সালে বিবিসি টেলিভিশন সম্প্রচার শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টেলিভিশন প্রযুক্তির আরও উন্নতি হয় এবং গণমাধ্যম হিসেবে এর বিস্তার বাড়তে থাকে। বাণিজ্যিক ভিত্তিতে টেলিভিশনের প্রচলনও এ সময়ের মধ্যে গতি পায়।

আবিষ্কারের পর থেকে টেলিভিশনে এসেছে নানা পরিবর্তন। সাদাকালো পর্দার জায়গা নিয়েছে রঙিন টিভি। এরপর এলসিডি ও এলইডি প্রযুক্তির পাশাপাশি যুক্ত হয়েছে ইন্টারনেট সুবিধাসম্পন্ন স্মার্ট টিভি।

বর্তমানে স্মার্টফোন ও ট্যাবলেটের মতো ডিভাইসের কারণে টেলিভিশন দেখার অভ্যাসে পরিবর্তন এসেছে। তবে জনপ্রিয়তা পুরোপুরি হারায়নি এই মাধ্যম। এখনো অনেক বাড়ির বসার ঘরে জায়গা করে আছে নানা আকারের টেলিভিশন।

সূত্র: হিস্টোরি ডটকম