চট্টগ্রামের সীতাকুণ্ডে ধাওয়ার মুখে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে পড়েছে হাজার হাজার পিস ইয়াবা।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌরসভার নুনাছড়া এলাকার মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। এর পাশেই দুটি মোটরসাইকেলে থাকা কয়েকজন আরোহীর মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি দেখে স্থানীয়রা তাদের ধাওয়া দেন। স্থানীয়দের ধাওয়া খেয়ে আরোহীরা ইয়াবার প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে যান। এ সময় কিছু ইয়াবা গাড়ির চাকায় পিষ্ট হলেও নীল প্লাস্টিকে মোড়ানো ১০ থেকে ১২টি প্যাকেটসহ ছড়াতে থাকা শত শত ইয়াবা কুড়িয়ে নিয়ে পুলিশের জিম্মায় দেন স্থানীয় সচেতন যুবকেরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনিক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১শ থেকে ১৫০ পিস আস্ত ইয়াবা এবং প্রায় ১শ গ্রাম গুঁড়ো অবস্থায় ইয়াবা উদ্ধার করেছে।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর জানান, প্রাথমিক ধারণায় মনে করা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রতিপক্ষ কোনো মাদক কারবারির ধাওয়ার মুখে পড়ে পথেই ইয়াবার চালানটি ফেলে পালিয়ে যায় চক্রটি। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


