...|...|...

সারাদেশ

মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৩০
Shares
মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

মসজিদের ব্যাটারি চুরি নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের। ছবি: টাইমস টুডে

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নে মসজিদের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ ও সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বকুল সর্দার (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ইউনিয়নের রাজাপুর-খয়েরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হালিম সর্দার ওই এলাকার মৃত কলম সর্দারের ছেলে। গ্রেফতার বকুল সর্দার একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, সকালে বাড়ি থেকে চাপাইগাছি বিলের দিকে যাওয়ার সময় মান্নান মেম্বারের সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে হালিম সর্দারকে লক্ষ্য করে দেশীয় অস্ত্রের ফালা ছোড়া হয়। ফালাটি তার গলায় বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে স্বজনরা হালিম সর্দারকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মসজিদের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে রাজাপুর-খয়েরপুর এলাকায় মান্নান মেম্বার ও বকুল পক্ষের সাথে ইউসুফ মেম্বার ও মেহেদী পক্ষের বিরোধ চলছিল। এ নিয়ে গত কয়েকদিনে উভয় পক্ষের মধ্যে একাধিকবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার ভোরে চাপাইগাছি বিলসংলগ্ন এলাকায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর মধ্যেই বাড়ি থেকে বের হয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ফালার আঘাতে হালিম সর্দার নিহত হন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।