...|...|...

জাতীয়

মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ ঘোষণার দাবি বিজিএমইএ-বিকেএমইএর

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৩৪
Shares
মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ ঘোষণার দাবি বিজিএমইএ-বিকেএমইএর

ছবি: সংগৃহীত

শ্রমিক প্রতিনিধির অসুস্থতার কারণে নিম্নতম মজুরি বোর্ডের নির্ধারিত সভা স্থগিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বাধ্যবাধকতা থাকায় দ্রুত বোর্ডের পরবর্তী সভার তারিখ ঘোষণার দাবি জানিয়েছে সংগঠন দুটি।

সোমবার (১৬ নভেম্বর) বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম স্বাক্ষরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাবনা জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। প্রস্তাবনা পেশের জন্য মালিকপক্ষও সম্পূর্ণ প্রস্তুত ছিল।

তবে গণমাধ্যমের খবর অনুযায়ী, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসাইনের দ্রুত সুস্থতা কামনা করেছে মালিকপক্ষ। একই সাথে বলা হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকরের সুনির্দিষ্ট তারিখ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। ফলে মজুরি নির্ধারণের পুরো প্রক্রিয়া দ্রুত শেষ করা জরুরি।

বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা মনে করেন, দ্রুত নতুন নিম্নতম মজুরি ঘোষণা করা হলে বর্ধিত বেতন পরিশোধের জন্য কারখানার মালিকরা প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন।

এ পরিস্থিতিতে নির্ধারিত সময়ের মধ্যে নতুন মজুরি কার্যকর নিশ্চিত করতে স্থগিত হওয়া সভার পরবর্তী তারিখ অবিলম্বে ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।