...|...|...

সারাদেশ

ভয়াবহ আগুনে প্রাণ হারানো ১০ পর্যটকের লাশ মর্গে

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, সকাল ১০:২১
Shares
ভয়াবহ আগুনে প্রাণ হারানো ১০ পর্যটকের লাশ মর্গে

ছবি: সংগৃগীত

কক্সবাজারের ইনানী পাটুয়ারটেক টুপটুপ রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পোড়া লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে মর্গে পাঠায়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শোভক্তদীন আহমেদ সোহেল জানান, পরিচয় শনাক্তে লাশ ডিএনএ টেস্টের জন্য আলামত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।

এর আগে, শনিবার সকাল ৭টায় কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় নারী-শিশুসহ ১০ পর্যটকের লাশ উদ্ধার করা হয়। দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ৬ জনকে।

নিহতরা হলেন, রাজধানী ঢাকার বনশ্রী এলাকার ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহজাবিন আলভী (২৩), খিলগাঁও এলাকার লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গা জেলার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহমেদ (৫)।

এই ঘটনায় আহত ছয়জন হলেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শাহাব উদ্দিন (৩১), তার স্ত্রী ডা. নাফিজা নাওয়ার খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

পুলিশ জানিয়েছে, টুপটুপ রিসোর্টে মোট ১৮ জন পর্যটক অবস্থান করছিলেন। তন্মধ্যে ২ জন মর্নিং ওয়ার্কে হোটেল থেকে বের হন। তারা বেঁচে যান।

অপরদিকে ঘটনা অনুসন্ধানে জেলা প্রশাসকের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, ‘টুপটুপ রিসোর্ট’-এর কোনো অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না। এমনকি গত জুন মাসেও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য তাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল।