...|...|...

ময়মনসিংহ

সাংবাদিক আলিফ হত্যা মামলায় প্রধান পরিকল্পনাকারী গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:২২ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৪
Shares
সাংবাদিক আলিফ হত্যা মামলায় প্রধান পরিকল্পনাকারী গ্রেফতার

ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে আইপিটিভি রূপসী বাংলার প্রতিনিধি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডে ৫ থেকে ৬ জনের একটি চক্র সরাসরি জড়িত বলে প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে পুলিশ। এর পেছনে অর্থদাতাসহ একটি বড় সিন্ডিকেট রয়েছে বলেও ধারণা করছেন তদন্তসংশ্লিষ্টরা।

শনিবার (১৭ অক্টোবর) রাতে দুর্গাপুর পৌর শহরের মধ্যবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুর্গাপুর থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার এড়াতে অপূর্ব দিনের বেলা আত্মগোপনে থাকতেন। মধ্যরাতের পর তিনি বাইরে বের হতেন। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং এর পেছনে থাকা চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, অপূর্ব এর আগেও একাধিক মামলায় আসামি ছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতে দুর্গাপুরে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) কুপিয়ে হত্যার মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। পরে জামিনে মুক্তি পান তিনি।

এ ছাড়া ২০২৫ সালের নভেম্বরে সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় সাংবাদিক আলিফ ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় দায়ের করা মামলাতেও অপূর্ব অন্যতম আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুরের তেলঞ্জিয়া এলাকায় একটি দোকানের সামনে সাংবাদিক আলিফ ফকিরকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন তিনি। পরে তার মৃত্যুর ঘটনা ঘটে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী, তার শরীরে ছয়টি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

সাংবাদিক আলিফ ফকির তার ফেসবুক পেজ ‘ডিটেকটিভ আর্টিকেল’-এ স্থানীয় চোরাচালান, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত তথ্য প্রকাশ করতেন। তার হত্যাকাণ্ডের পেছনে এসব প্রতিবেদন বা প্রকাশিত তথ্যের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। হত্যাকাণ্ডের পরিকল্পনা, হামলার কারণ এবং এর পেছনে অন্য কারও অর্থায়ন বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তদন্ত শেষে তা স্পষ্ট হবে।