ভোলার নতুন গ্যাসকূপ ভোলা নর্থ-৩-এর তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এই স্তর থেকে দৈনিক ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব বলে জানিয়েছে সংস্থাটি। তবে কূপটিতে মোট কী পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে, তা সব পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে।
রবিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু করে বাপেক্স।
বাপেক্স সূত্রে জানা গেছে, ভোলা নর্থ-৩ কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। কূপটির প্রথম স্তর থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট এবং দ্বিতীয় স্তরের ৩ হাজার ২৬১ দশমিক ৫ থেকে ৩ হাজার ২৬৬ দশমিক ৫ মিটার গভীরতা থেকে দৈনিক ১৮ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে।
সর্বশেষ তৃতীয় স্তরের ৩ হাজার ১৮৭ থেকে ৩ হাজার ১৯০ মিটার গভীরতায় গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এ স্তর থেকে দৈনিক ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব বলে জানিয়েছে বাপেক্স।
জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর ভোলা নর্থ-৩ কূপের খননকাজ শুরু হয়। এরপর ১৫ নভেম্বর সকালে কূপটির প্রথম স্তরের ডিএসটি পরীক্ষা শুরু করা হয়। ২২ নভেম্বর দ্বিতীয় স্তরের পরীক্ষা শুরু হয়। সর্বশেষ ২৯ নভেম্বর তৃতীয় স্তরের পরীক্ষা শুরু করেছে বাপেক্স।
উল্লেখ্য, নব্বইয়ের দশক থেকে এখন পর্যন্ত ভোলার বোরহানউদ্দিন ও সদর উপজেলায় তিনটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাপেক্স। নতুন কূপসহ এসব গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে।

