আদালতের রায়ের পূর্ণ বাস্তবায়ন এবং দীর্ঘ ১৪ বছরের বৈষম্য নিরসনের দাবিতে গাজীপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুনর্বহালকৃত ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী। দাবি আদায়ে আলটিমেটাম দিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। এদিকে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি)।
সোমবার (১৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন আন্দোলনকারীরা। এ সময় দ্রুত পদোন্নতি, যথাযথ বেতন নির্ধারণ, পূর্বের জ্যেষ্ঠতা বহাল এবং দীর্ঘ ১৪ বছরের বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান তারা।
আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের রায়ে তাদের পক্ষে নির্দেশনা থাকলেও অধিকাংশ সিদ্ধান্ত এখনো বাস্তবায়ন করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে পদোন্নতি, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
সমাবেশ থেকে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।


