...|...|...

বিনোদন

ভিডিও ফাঁস ইস্যু নিয়ে ফের আলোচনায় প্রভা, সহশিল্পীদের ক্ষোভ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ভোর রাত ৪:১৬ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, বিকেল ৪:৩৯
Shares
ভিডিও ফাঁস ইস্যু নিয়ে ফের আলোচনায় প্রভা, সহশিল্পীদের ক্ষোভ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় প্রায় ১৬ বছর পর নতুন করে সরব হয়েছেন শোবিজ অঙ্গনের সহশিল্পী ও নির্মাতারা। দীর্ঘদিন পর আলোচনায় ফিরে আসা এই ঘটনায় অভিযুক্ত রাজিব হাসানের বিরুদ্ধে বিচার না হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।

সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে পুরনো সেই বিতর্কিত ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন প্রভা। লাইভে তিনি ওই সময়ের অভিজ্ঞতা, মানসিক চাপ এবং পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও হয়রানির শিকার হওয়ার বিষয় নিয়ে কথা বলেন। তার বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নতুন করে আলোচনায় উঠে আসে এবং শোবিজ অঙ্গনের অনেকেই তার প্রতি সমর্থন জানান।

শুক্রবার দুপুরে নির্মাতা শিহাব শাহীন নিজের ফেসবুক অ্যাকাউন্টে রাজিব ও প্রভার বাগদানের একটি পুরনো ছবি শেয়ার করে এ বিষয়ে মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, ঘটনার পরপরই ছেলেটার সাথে কথা হয়েছিল। জিজ্ঞেস করেছিলাম, ‘তুমি কীভাবে এই কাজটা করলে?’ যাকে ভালোবাসো, তার এত বড় ক্ষতি কীভাবে করলে? সে অনেক ব্যাখ্যা দিয়েছিল। পরে প্রমাণ হয়েছে, সেসব কথার কোনো ভিত্তি ছিল না।

তিনি আরও বলেন, এত বড় একটি অপরাধ, অথচ তার কিছুই হয়নি। গ্রেফতার হওয়ার কথা ছিল, হয়নি। বিচার হওয়ার কথা ছিল, হয়নি। জেলে থাকার কথা ছিল, কিছুই হয়নি। অবশ্য তখন এ ধরনের ঘটনার জন্য নির্দিষ্ট আইনও ছিল না। আর সবাই ব্যস্ত ছিল প্রভাকেই দোষারোপ করতে।

শিহাব শাহীনের ওই পোস্টের পর অভিনেত্রী ফারিন খানও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, এত বড় অন্যায় করার পরও এই ছেলেটির কেন কোনো শাস্তি হলো না?

অভিনেত্রী সিনথিয়াও নিজের পোস্টে প্রভার প্রতি সমর্থন জানিয়ে লেখেন, আজ সবাই প্রভার পাশে দাঁড়াচ্ছে, কিন্তু এই প্রভাকেই পরে অনেক প্রযোজক ও পরিচালক বড় প্রজেক্টে নেননি। যারা এখন তার পক্ষে কথা বলছেন, তারা প্রভাকে কাস্ট করে দেখিয়ে দিন যে তিনি একজন ভিক্টিম, অপরাধী নন। এই অবস্থানে পৌঁছাতে প্রভার ১৫-১৬ বছর সময় লেগেছে।

গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট ও আলোচনায় বিষয়টি ব্যাপকভাবে উঠে এসেছে। নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলছেন—‘রাজীবের বিচার হলো না কেন?’

উল্লেখ্য, ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব-এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাদিয়া জাহান প্রভা। বিয়ের কিছুদিন পরই তার সাবেক বাগদত্তা রাজিব হাসানের সাথে ধারণ করা কিছু ব্যক্তিগত ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং এর প্রভাব পড়ে প্রভা-অপূর্বের দাম্পত্য জীবনেও। পরবর্তীতে তাদের সংসার ভেঙে যায়।