...|...|...

সারাদেশ

ভিডব্লিউবি কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, দুপুর ১:৩৫
Shares
ভিডব্লিউবি কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

মো. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচির আওতায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ড বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. খলিলুর রহমানের বিরুদ্ধে এই আর্থিক অনিয়মের অভিযোগ করেছেন ভুক্তভোগী অসহায় নারীরা। 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কার্ডধারী নারী জানান, ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি কর্মসূচির কার্ড নিতে গেলে সচিব খলিলুর রহমান অফিস খরচ ও বিভিন্ন অজুহাতে কার্ডপ্রতি ৩০০ টাকা দাবি করেন। টাকা না দিলে কার্ড বা চাল দেওয়া হবে না বলে জানানো হয়। 

রওশন আরা নামের এক উপকারভোগী জানান, কার্ড নেওয়ার জন্য তিনি বাধ্য হয়ে ৩০০ টাকা সচিবকে দেন। টাকা নেওয়ার পর তাকে আগস্ট ও সেপ্টেম্বর মাসের দুই মাসের চাল দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হলে অভিযুক্ত সচিব বাধ্য হয়ে তার টাকা ফেরত দেন। 

এ বিষয়ে অভিযুক্ত ছোটবগী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. খলিলুর রহমান টাকা নেওয়ার বিষয়টি আংশিক স্বীকার করে বলেন, নতুন ভিডব্লিউবি কার্ডের জন্য ৩০০ টাকা করে নেওয়ার কথা বলা হয়েছিল এবং সেই অনুযায়ী দু-একজনের কাছ থেকে টাকা নেওয়াও হয়েছিল। তবে পরবর্তীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিলে আমরা সেই টাকা ফেরত দিয়ে দিয়েছি।

এই অনিয়মের ব্যাপারে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, সরকারি মানবিক সহায়তা কর্মসূচির কার্ড বিতরণে কোনো ধরনের টাকা নেওয়ার সুযোগ নেই। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।