নেত্রকোনার মোহনগঞ্জে গোরস্তানের পাশে একটি গাছের ডালে রশি দিয়ে বাঁধা অবস্থায় সাবেক এক সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, হত্যার পর গাছের ডালে রশি দিয়ে বেঁধে রাখে দুর্বৃত্তরা।
সাবেক সেনা সদস্য হলেন, পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাটিয়াম গ্রামের জবান আলীর ছেলে কাজল মিয়া (৫৫)। কাজল ধর্মপাশার একটি সৌরবিদ্যুত প্লান্টের ব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার বিরামপুর উত্তরপাড়ায় গোরস্তান এরাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
কাজলের পরিবারের সদস্যদের অভিযোগ, কাজল তিনদিন ধরে নিখোঁজ হন। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। আজ খবর পেয়ে গাছের ডালে বসা অবস্থায় রশি দিয়ে বাঁধা কাজলের লাশ দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে কাজলকে শ্বাসরোধ করে হত্যার পর গাছের ডালে বেঁধে রাখে। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তার পরিবারের সদস্যরা।
মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুর ইসলাম হারুন বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


