ভিক্ষা করে জীবিকা নির্বাহ, মানুষের দ্বারে দ্বারে ঘুরে আইনি লড়াই-এভাবেই কেটে গেছে দীর্ঘ ৩৬ বছর। অবশেষে আদালতের নির্দেশে মায়ের রেখে যাওয়া সাড়ে চার একর জমির দখল ফিরে পেয়েছেন রংপুরের মিঠাপুকুর উপজেলার কুলসুম বেগমসহ পাঁচ ভাইবোন। গত ২৪ নভেম্বর উপজেলার ইমাদপুর গ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তাদের জমি বুঝিয়ে দেয় প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমাদপুর গ্রামের বাসিন্দা কুলসুম বেগম ও তার ভাইবোনদের মা সাবেরুনের মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ, প্রভাবশালী কয়েকজন ব্যক্তি জাল দলিল তৈরি করে তাদের জমি দখল করে ঘরবাড়ি নির্মাণ করেন। এমনকি সাবেরুনের মৃত্যুর পর নিজের জমিতে তার লাশ দাফন করতেও বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমির পাশেই থাকা তাদের পরিবারের তিন সদস্যের কবরও উচ্ছেদ করে সেখানে বাথরুম ও ঘরবাড়ি নির্মাণ করেন দখলদাররা। অন্যের বাড়িতে ভিক্ষা করে দিন কাটলেও নিজেদের জমিতে আশ্রয় মেলেনি তাদের।
দীর্ঘদিন ধরে মায়ের সম্পত্তির ন্যায্য অধিকার ফিরে পেতে চেষ্টা চালিয়ে আসছিলেন পাঁচ ভাইবোন। বিভিন্ন জায়গায় ঘুরেও প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন তারা। ১৯৮৮ সালে দায়ের করা মামলার দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত তাদের পক্ষে রায় দেন।
আদালতের নথি সূত্রে জানা যায়, মিঠাপুকুরের সিনিয়র জজ আদালতের স্মারক নম্বর ৬১/২০২৫ এবং অন্য ডিক্রি ০৩/৯৪ মামলার পরিপ্রেক্ষিতে জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আদালতের জারিকৃত পরোয়ানা অনুযায়ী, গত ২৪ নভেম্বর জমির দখল হস্তান্তরের কার্যক্রম পরিচালনা করে প্রশাসন।
এদিন ম্যাজিস্ট্রেট, আদালতের নাজির, সার্ভেয়ার ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অভিযান শেষে কুলসুম বেগমসহ পাঁচ ভাইবোনকে তাদের সাড়ে চার একর জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, নুলু, আকবর, নাজির হোসেন ও আলা বকোশসহ কয়েকজন দীর্ঘদিন ধরে জাল দলিল তৈরি করে ওই জমি দখলে রেখেছিলেন।
জমি ফিরে পেয়ে আবেগাপ্লুত কুলসুম বেগম বলেন, একসময় মাথা গোজার থাই ছিল না অন্যের বাড়িতে ভিক্ষা করে দিন রাত অতিবাহিত করতে হতো আমাদের। মায়ের জমি ফিরে পেয়ে আমরা খুশি। প্রভাবশালীরা বলেছিল আমরা কোনদিন এই জমিতে যেতে পারবো না। সরকার আমাদের সঠিক বিচার করেছে। আমাদের মত এমন যেন আর কারো না হয়। ক্ষমতার দাপটে অন্যের জমি দখল করে কেউ যেন ঘর বাড়ি নির্মাণ করতে না পারে। এজন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
তিনি ও তার ভাইবোনেরা জানান, ১৯৮৮ সালের রেকর্ড অনুযায়ী সম্পত্তিটি তাদের মায়ের নামে ছিল। উত্তরাধিকার সূত্রে তারা ওই জমির বৈধ মালিক হলেও দীর্ঘদিন দখল বুঝে পাননি। বিভিন্নভাবে চেষ্টা করেও সমাধান না পেয়ে আদালতে বাটোয়ারা মামলা করেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর জমির দখল ফিরে পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।
ইমাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, আদালতের আদেশ সবাইকে মানতে হবে আদালতের বাইরে কাউকে যাওয়ার সুযোগ নেই আমিও চাই তাদের ন্যায্য অধিকার ফিরে পাক।
মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী দখলী পরওয়ানা ফেরত দিতে এসেছি সমস্ত প্রস্তুতি শেষ। অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে উচ্ছেদ করে বাদীকে দখল বুঝিয়ে দেয়া হয়েছে। আদালতের আদেশ বাস্তবায়ন করার লক্ষ্যেই আমরা এখানে এসেছি। আদালতের নির্দেশ অমান্য করার সুযোগ আমাদের নেই।
দীর্ঘ ৩৬ বছরের আইনি লড়াই শেষে জমির দখল ফিরে পেলেও নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন কুলসুম বেগম ও তার ভাইবোনেরা। জমি বুঝিয়ে দেওয়ার পাশাপাশি প্রভাবশালীরা যেন তাদের কোনো ধরনের ক্ষতি করতে না পারেন, সে জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা।


