এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের পদক নির্ধারণী ম্যাচে উপস্থিত থাকছেন না এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভি। ভারত ও পাকিস্তানের মধ্যকার স্বর্ণপদকের ম্যাচ এবং বাংলাদেশ-শ্রীলঙ্কার ব্রোঞ্জ পদকের লড়াই দেখতে জাপানের আইচি-নাগোয়ায় যাচ্ছেন না তিনি।
শুক্রবার এক বিবৃতিতে নাকভির অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে এসিসি। বিবৃতিতে বলা হয়, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মোহসিন নাকভি আইচি-নাগোয়া ২০২৬-এর ফাইনালস ডেতে উপস্থিত থাকতে পারবেন না। তবে স্বর্ণ ও ব্রোঞ্জ পদকের ম্যাচে অংশ নেওয়া চার দলের জন্য তিনি শুভকামনা জানিয়েছেন।’
আগামীকাল শনিবার পুরুষ ক্রিকেটের স্বর্ণপদকের ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এর আগে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
দুটি ম্যাচে অংশ নেওয়া চার দলের প্রতিই শুভকামনা জানিয়েছেন নাকভি। এ বিষয়ে এসিসির বিবৃতিতে তার বক্তব্য তুলে ধরে বলা হয়, ‘এশিয়ান গেমস ২০২৬-এর স্বর্ণ ও ব্রোঞ্জ পদকের ম্যাচে অংশ নেওয়া সবাইকে শুভকামনা। কিছু প্রতিশ্রুতির কারণে নাগোয়া যেতে পারছি না। তবে দারুণ কিছু ম্যাচ দেখার অপেক্ষায় থাকব।’


