...|...|...

বিশ্ব

ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৫:২৮
Shares
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ৬ জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। 

শুক্রবার (৩০ অক্টোবর) তুষারপাতের মধ্যে বদ্রীনাথ থেকে উড্ডয়নের পর রাজ্যের চামোলি জেলার জোশীমঠের কাছে হার্থী পর্বত এলাকায় এটি দুর্ঘটনার মুখে পড়ে। ভারতের সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানায়, ‘ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেড’-এর ভিটি-এইচসিএক্স কল সাইনের হেলিকপ্টারটি দুপুর আনুমানিক ১টা ১৪ মিনিটে বদ্রীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশ্যে রওনা হয়। উড্ডয়নের কিছু পরই জোশীমঠ উপত্যকার ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণকক্ষের সাথে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই সময়ে ট্র্যাকিং সিস্টেম থেকেও নিখোঁজ হয় যানটি।

ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘ট্রান্স ভারত এভিয়েশন’-এর সম্পূর্ণ ফ্লাইট বহরের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নিখোঁজ ও বিধ্বস্ত হেলিকপ্টারটিতে চালকসহ মোট ৬ জন আরোহী ছিলেন, যাদের সবাই পুরুষ। আরোহীরা হলেন—প্রতাপ, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে, এইচএস নটরাজ এবং পাইলট ক্যাপ্টেন হিমাংশু।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে সামাজিক মাধ্যম এক্সে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি লেখেন, জোশীমঠের কাছের চাঈ গ্রামের নিকটে হেলিকপ্টার দুর্ঘটনার একটি দুঃখজনক খবর পেয়েছি। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং এসডিআরএফের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে পুরো বিষয়টি সার্বক্ষণিক নজরদারিতে রাখছি। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য উচ্চতর চিকিৎসা কেন্দ্রে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। আমি আরোহীদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করছি।

জোশীমঠের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) চন্দ্র শেখর বশিষ্ঠ জানিয়েছেন, সেনাবাহিনী, পুলিশ, এসডিআরএফ ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত একটি দল উদ্ধারকাজ চালাতে দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

উল্লেখ্য, গত এক দশকে উত্তরাখণ্ডে অন্তত ১২টি ছোট-বড় হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে ৫টি বড় প্রাণঘাতী দুর্ঘটনা এবং ৭টি জরুরি অবতরণজনিত ঘটনা। গত বছরের জুনেও কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার বনে বিধ্বস্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছিল।