...|...|...

বিশ্ব

ভারতে রেললাইন বিস্ফোরণে পাকিস্তানকে সহায়তা, গ্রেফতার ভারতীয় তরুণ-তরুণী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ১১:৫৭ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ১১:৫৮
Shares
ভারতে রেললাইন বিস্ফোরণে পাকিস্তানকে সহায়তা, গ্রেফতার ভারতীয় তরুণ-তরুণী

গ্রেফতারকৃত তরুণ-তরুণী। ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগরে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় পাঞ্জাব থেকে এক নারীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজস্থান অ্যান্টি-টেরর স্কোয়াড (এটিএস), শ্রীগঙ্গানগর পুলিশ ও পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ২১ বছর বয়সী মহকদীপ কৌর এবং ২২ বছর বয়সী দবিন্দর সিং।

পুলিশের দাবি, এ ঘটনার সাথে পাকিস্তান-যোগ রয়েছে। গ্রেফতার নারী পাকিস্তানে অবস্থানরত দুই ব্যক্তির সাথে যোগাযোগ রাখতেন বলে তদন্তে উঠে এসেছে। তাদের একজন ‘চাচা’ এবং অন্যজন ‘শাহ’ নামে পরিচিত ছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই দুই ব্যক্তি প্রেমের সম্পর্কের মতো কথোপকথনের মাধ্যমে মহকদীপকে প্রভাবিত করেন এবং অর্থও দেন। তদন্তকারীদের দাবি, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এ ধরনের কৌশল ব্যবহার করে থাকে।

এর আগেও গঙ্গানগরের বাবিতা নামের এক নারীকে একই ধরনের কৌশলে ফাঁদে ফেলা হয়েছিল বলে দাবি করেছে পুলিশ।

এনডিতিভির প্রতিবেদন অনুযায়ী, মহকদীপ তার স্বামীর কাছ থেকে আলাদা থাকতেন। তার স্বামী বর্তমানে মাদক পাচার-সংক্রান্ত মামলায় কারাগারে রয়েছেন। পুলিশের দাবি, একাকী বা দুর্বল অবস্থায় থাকা নারীদের লক্ষ্য করে প্রথমে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি এবং পরে অর্থ দেওয়ার কৌশল ব্যবহার করা হয়।

তদন্তে মহকদীপ রেললাইনে বিস্ফোরণ ঘটানোর জন্য অর্থ পেয়েছিলেন বলে দাবি করেছে পুলিশ।

অভিযানে তার কাছ থেকে দুটি অস্ত্র, ৪৬টি গুলি এবং ৩০ হাজার রুপি উদ্ধার করা হয়েছে। একই সাথে আরও তিনজনকে আটক করেছে পুলিশ।

তদন্তকারীদের সন্দেহ, ওই তিন ব্যক্তি অভিযুক্তদের থাকার জায়গা, মোটরসাইকেল এবং ঘটনাস্থলে যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছিলেন।

পুরো অভিযান সমন্বয় করেন রাজস্থান পুলিশের অতিরিক্ত মহাপরিচালক দীনেশ এমএন, গঙ্গানগরের সহকারী পুলিশ সুপার নিতিন চৌধুরী, এটিএসের সহকারী পুলিশ সুপার মনীশ শর্মা ও সুরেন্দ্র সিং এবং গুরদাসপুরের পুলিশ সুপার আদিত্য।

গত ৩ নভেম্বর রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে রাজস্থানের শ্রীগঙ্গানগরের রামসিংহপুরের কাছে একটি রেললাইনে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে রেললাইনের দুটি স্লিপার ভেঙে যায়, লাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় আড়াই ফুট গভীর একটি গর্ত তৈরি হয়।

ঘটনার প্রায় ৭৫ মিনিট আগে একই রেললাইন দিয়ে অনুপগড়-সুরাটগড় যাত্রীবাহী ট্রেনটি পার হয়েছিল।