...|...|...

খেলা

ভারতের বিপক্ষে খেলায় কোনো চাপ নেই : সুপ্তা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৩০
Shares
ভারতের বিপক্ষে খেলায় কোনো চাপ নেই : সুপ্তা

ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে ভারতকে এড়ানোর পরিকল্পনা ভেস্তে গেছে। তবে শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচটিকে চাপ হিসেবে না দেখে উপভোগ করতে চান বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার শারমিন আক্তার সুপ্তা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সেমিফাইনাল নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন সুপ্তা। তিনি বলেন, ‘কখনও কখনও আপনি চাপ ভাবলেই চাপ মনে হয়। তবে আমাদের জন্য ভারতের মতো দলের বিপক্ষে খেলাটা উপভোগের ব্যাপার। তারা সেরা মানের দল। তাই আপনার চ্যাম্পিয়ন হতে হলে তাদের বিপক্ষে খেলতেই হবে। তাই তাদের সাথে খেলাটা উপভোগের ব্যাপার, চাপের নয়।’

এশিয়া কাপের আগে বাংলাদেশের লক্ষ্য ছিল ফাইনালে ওঠা। সেমিফাইনালে ভারতকে এড়াতে চেয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরে শেষ চারে ভারতের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে। চলতি টুর্নামেন্টে গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়েছে ভারত, তাই সেমিফাইনালে তারাই ফেভারিট।

অন্যদিকে বাংলাদেশের ব্যাটিং ক্রমেই হতাশ করেছে। ইন্দোনেশিয়ার বিপক্ষে ১২৯, শ্রীলঙ্কার বিপক্ষে ১১৪ এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ১০৩ রান করে বাংলাদেশ। তবে তিন ম্যাচেই বোলাররা ছিলেন দুর্দান্ত। সে কারণেই ইন্দোনেশিয়া ও আমিরাতের বিপক্ষে জয় পেয়েছে জ্যোতির দল।

আমিরাতের বিপক্ষে একাদশে ফিরে ৩১ বলে ৩৭ রান করেন সুপ্তা। ৫৫ রানে ৬ উইকেট হারানোর পর নাহিদা আক্তারের সাথে ৪২ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে টেনে তোলেন তিনি। ম্যাচ শেষে নাহিদার প্রশংসা করে সুপ্তা বলেন, ‘আসলে মাঝে মাঝে এমনটা হতেই পারে। ওই সময় আমার ক্রিজে টিকে থাকা জরুরি ছিল ও নিচের ব্যাটারদের সাথে একটা পার্টনারশিপ গড়তে হয়েছিল। কারণ শুরুতে ৫-৬টা উইকেট হারিয়ে ফেললে পরিস্থিতি সামাল দিতে হয়।’

তিনি আরও বলেন, ‘তবে এটা একটু কঠিন ছিল। সেই মুহূর্তে নাহিদা দুর্দান্ত ছিল। সে আত্মবিশ্বাস জুগিয়েছিল, আমি তার সাথে ইনিংস এগিয়ে নিয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আমরা একশর বেশি রান করতে পেরেছি। আমরা জানতাম এই ধরনের দলের বিপক্ষে কীভাবে জিততে হয়। কারণ আমাদের বোলিং আক্রমণ সম্পর্কে আস্থা ছিল।’

 দুবাইয়ের তপ্ত গরমেও বাংলাদেশকে মাঠে এসে সমর্থন করেছেন দর্শকেরা। তাদের ধন্যবাদ জানিয়ে সুপ্তা বলেন, ‘যারা মাঠে এসেছেন ও আমাদের জন্য গলা ফাটিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। বিশেষ করে এই ধরনের প্রতিকূল পরিস্থিতিতেও যখন মানুষ আপনার জন্য স্টেডিয়ামে আসে ও জেতার পর তারা আনন্দ উপভোগ করে, তখন সেটা আমাদের জন্যও এক ভীষণ প্রাপ্তি ও আনন্দের ব্যাপার।’