...|...|...

বিশ্ব

ভারতের ওপর নজরদারিতে যৌথ স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে চীন-পাকিস্তান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, রাত ৯:১৮
Shares
ভারতের ওপর নজরদারিতে যৌথ স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে চীন-পাকিস্তান

ছবি: সংগৃহীত

ভারতের ভূখণ্ডের ওপর প্রায় সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে চীন ও পাকিস্তান সমন্বিত একটি স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে বলে দাবি করেছে বেঙ্গালুরুভিত্তিক মহাকাশ নজরদারি সংস্থা ‘দিগন্তর’। সংস্থাটির একটি প্রতিবেদন হাতে পাওয়ার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার সময় দুই দেশের এই মহাকাশ সহযোগিতা আরও দৃশ্যমান হয়। বিশেষ করে ‘অপারেশন সিঁদুর’ চলাকালে ভারতের সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনা পর্যবেক্ষণে চীনা স্যাটেলাইটের তথ্য ব্যবহার হয়ে থাকতে পারে।

প্রতিবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ চীনের উচ্চ রেজল্যুশন অপটিক্যাল রিমোট-সেন্সিং স্যাটেলাইট ‘ইয়াওগান-৪১’ ঘিরে। দিগন্তরের দাবি, ভারত ও পাকিস্তানের ৮৮ ঘণ্টার সামরিক সংঘাতের সময় এই দ্বৈত-ব্যবহারযোগ্য স্যাটেলাইট ভারতীয় উপমহাদেশের ওপর টানা নজর রাখে এবং ভারতের বিমানঘাঁটির গতিবিধিও পর্যবেক্ষণ করে।

পাকিস্তানের ছয় নতুন স্যাটেলাইট

দিগন্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুনের মধ্যে পাকিস্তান ছয়টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। এর মধ্যে পাঁচটি—পিআরএসসি-ইও১, পিআরএসএস-২, এইচএস-১, পিআরএসসি-ইও২ ও পিআরএসসি-ইও৩—চীনা উৎক্ষেপণ কেন্দ্র থেকে চীনের রকেটে পাঠানো হয়।

এসব স্যাটেলাইট শুধু পাকিস্তানের নিজস্ব নজরদারি সক্ষমতা বাড়াচ্ছে না, বরং চীনের বৃহত্তর স্যাটেলাইট নেটওয়ার্কের ফাঁকও পূরণ করছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এর ফলে ভারতের সামরিক অবকাঠামো, সেনা চলাচল, সীমান্ত স্থাপনা, বিমানঘাঁটি, নৌঘাঁটি এবং অন্যান্য কৌশলগত সম্পদ সম্পর্কে আরও ঘন ঘন তথ্য পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

দিগন্তরের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের জন্য চীনের উৎক্ষেপণ করা এসব স্যাটেলাইট দেশটির আইএসটিএআর—অর্থাৎ গোয়েন্দা তথ্য, নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও অনুসন্ধান—সক্ষমতা বাড়িয়েছে।

২০১৮ সাল থেকেই সহযোগিতা

এই সহযোগিতা অবশ্য নতুন নয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সাল থেকেই পাকিস্তানের বিভিন্ন স্যাটেলাইট এমন কক্ষপথে বসানো হচ্ছে, যা চীনা স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে পারে।

এই তালিকায় রয়েছে পিআরএসসি-ইও১, পাকস্যাট-এমএম১, আইকিউব-কিউ, পিআরএসএস-১ এবং পাকটেস-১এ।

প্রতিবেদনের দাবি, নেটওয়ার্কটি এমনভাবে সাজানো যে একটি স্যাটেলাইট কোনো অঞ্চল অতিক্রম করে চলে গেলে আরেকটি স্যাটেলাইট সেই জায়গার নজরদারি ধরে রাখতে পারে। এর ফলে একই এলাকা বিভিন্ন কোণ, দূরত্ব ও রেজল্যুশনে পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়।

কী করতে পারে পিআরএসএস-১

২০১৮ সালের জুলাইয়ে পাকটেস-১এ-এর সঙ্গে উৎক্ষেপণ করা পাকিস্তানের পৃথিবী-পর্যবেক্ষণ স্যাটেলাইট পিআরএসএস-১-এ প্যানক্রোম্যাটিক ও মাল্টিস্পেকট্রাল—দুই ধরনের ইমেজিং ব্যবস্থা রয়েছে।

প্যানক্রোম্যাটিক ছবিতে উপযুক্ত পরিস্থিতিতে প্রায় এক মিটার আকারের বস্তু আলাদা করে চিহ্নিত করা সম্ভব। অন্যদিকে মাল্টিস্পেকট্রাল সেন্সর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য থেকে তথ্য নিয়ে উদ্ভিদ, ভূমির ব্যবহার ও জলাশয় শনাক্ত করতে পারে।

পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকোর তথ্য অনুযায়ী, পিআরএসএস-১ বিশ্বের যেকোনো স্থানের ছবি চার দিন পরপর আবার ধারণ করতে পারে। ইসলামাবাদ ও করাচিতে এর গ্রাউন্ড স্টেশন রয়েছে।

যোগাযোগ স্যাটেলাইটেও চীনের সহায়তা

২০২৪ সালে উৎক্ষেপণ করা পাকস্যাট-এমএম১ও চীনের সহায়তায় তৈরি। এটি পাকিস্তান ও আশপাশের এলাকায় টেলিযোগাযোগ সেবা দেওয়ার পাশাপাশি সি-ব্যান্ড, কেইউ-ব্যান্ড, কেএ-ব্যান্ড এবং নেভিগেশনের নির্ভুলতা বাড়াতে এল-ব্যান্ড পে-লোড বহন করে।

অন্যদিকে পিআরএসসি-ইও১ অপটিক্যাল সেন্সরের মাধ্যমে ভূপৃষ্ঠের ছবি সংগ্রহ করে।

২০২২ সালে পাকিস্তানের সুপারকো এবং চীনের চায়না গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি করপোরেশন দীর্ঘমেয়াদি সহযোগিতা চুক্তিও করে। ওই চুক্তির আওতায় চীনা রকেট ও কারিগরি সহায়তায় একাধিক পাকিস্তানি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা নেওয়া হয়।

ভূমিভিত্তিক মহাকাশ নজরদারিতেও পাকিস্তান

স্যাটেলাইটের পাশাপাশি ‘এশিয়া-প্যাসিফিক গ্রাউন্ড-বেজড স্পেস অবজেক্ট অবজারভেশন সিস্টেম প্রজেক্ট’ বা অ্যাপোসসেও পাকিস্তানের ক্রমবর্ধমান অংশগ্রহণের কথা উল্লেখ করেছে দিগন্তর।

এশিয়া-প্যাসিফিক স্পেস কোঅপারেশন অর্গানাইজেশনের অধীনে পরিচালিত এ প্রকল্পে চীন কেন্দ্রীয় ভূমিকা পালন করে। ভূমিভিত্তিক অপটিক্যাল টেলিস্কোপের মাধ্যমে কক্ষপথে থাকা স্যাটেলাইট ও অন্যান্য বস্তু পর্যবেক্ষণ করা হয়।

অ্যাপোসসের প্রথম তিনটি পর্যবেক্ষণ কেন্দ্রের একটি পাকিস্তানে, অন্য দুটি পেরু ও ইরানে স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১৫ সেন্টিমিটার অ্যাপারচারের অপটিক্যাল টেলিস্কোপ রয়েছে।

এসব কেন্দ্র থেকে পাওয়া তথ্য বেইজিংয়ে চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিজের কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়।

দিগন্তরের মতে, এই প্রকল্পের সদস্য এবং একটি পর্যবেক্ষণ কেন্দ্রের আয়োজক দেশ হওয়ায় পাকিস্তান বৈশ্বিক পর্যবেক্ষণ তথ্য ব্যবহারের ভৌগোলিক সুবিধা পাচ্ছে। এর মাধ্যমে কক্ষপথে থাকা ভারতের মহাকাশ সম্পদসহ বিভিন্ন স্যাটেলাইটের গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, চীন মহাকাশে নিজেদের সামরিক ও কৌশলগত সক্ষমতা যেভাবে বাড়াচ্ছে, তাতে ভারতেরও মহাকাশভিত্তিক নজরদারি ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।