...|...|...

বিশ্ব

ভারতজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি তেলাপোকাদের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:২১
Shares
ভারতজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি তেলাপোকাদের

ছবি: সংগৃহীত

ভারতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিরোধী দল কংগ্রেস ও ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিনি পদত্যাগ না করলে ব্যাপক বিক্ষোভ শুরুর ঘোষণা দিয়েছে দল দুটি।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ সম্মেলনে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, সিইসি পদত্যাগ না করলে তার দল সারাদেশে আন্দোলন গড়ে তুলবে। অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেস ঘোষণা দিয়েছে, সিইসির পদত্যাগ, গ্রেফতার ও তার মেয়াদে ভোটার তালিকায় করা পরিবর্তন পর্যালোচনার দাবিতে শুক্রবার ভারতের সব রাজ্যের নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করা হবে।

এর এক দিন আগে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে নির্বাচন কমিশনের ভেতরের চরম মতপার্থক্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, গত ১০ মাসে ভোটার তালিকা হালনাগাদসহ বিভিন্ন বিষয়ে দুই নির্বাচন কমিশনার অন্তত ১৪ বার সিইসি জ্ঞানেশ কুমারের সিদ্ধান্তের বিরোধিতা ও উদ্বেগ প্রকাশ করেছেন। তবে নির্বাচন কমিশন দাবি করেছে, প্রতিষ্ঠানে মতপার্থক্য থাকা স্বাভাবিক এবং সব কাজ আইন মেনেই হচ্ছে।

উল্লেখ্য, শাসকদল বিজেপিকে সুবিধা দিতে লাখ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরেই নির্বাচন কমিশনের সমালোচনা করছে বিরোধীরা। যদিও এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, ভারতের সব সাংবিধানিক প্রতিষ্ঠানই গণতান্ত্রিকভাবে কাজ করছে।

এর আগে গত জুলাই মাসে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে সিজেপির যুব আন্দোলনে তোপের মুখে পড়ে পদত্যাগ করতে হয়েছিল ভারতের শিক্ষামন্ত্রীকে, যা ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর তার সরকারের অন্যতম বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হয়।