বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোপনে, অন্ধকারে, ভাড়ায় খেটে, কয়েকটা টাকার বিনিময়ে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারকে ব্যর্থ করা যাবে না।
তিনি বলেন, যিনি শিশু হত্যা করেছেন, শিক্ষার্থী ও শ্রমিক হত্যা করেছেন, তাকে ফিরিয়েও আনা যাবে না। বর্তমানের এই অমানবিক অপতৎপরতার বিরুদ্ধে আজ সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিক্ষোভ মিছিল-পূর্ববর্তী এক বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পুলিশ, র্যাব ও বিজিবি দিয়ে বৃষ্টির মতো গুলি করেও এ দেশের মানুষকে ভয় দেখানো যায়নি। মানুষ বুলেটের সামনে বুক পেতে দিয়ে, মৃত্যুকে আলিঙ্গন করে বর্বর ফ্যাসিবাদকে প্রতিহত করেছে।
সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মিছিলের স্লোগান ছিল, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’, ‘সিকিম নয় ভুটান নয়, এটা মোদের বাংলাদেশ’, ‘জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’।
বিকাল সাড়ে চারটার পর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে দলটির দেড় শতাধিক নেতা-কর্মী অংশ নেন। পরে বাংলামোটর এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।


