...|...|...

সারাদেশ

ভাইকে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ চাইলেন বোন-দুলাভাই

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৫:৪২
Shares
ভাইকে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ চাইলেন বোন-দুলাভাই

ভাইকে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ চাইলেন বোন-দুলাভাই। ছবি: টাইমস টুডে

রাজবাড়ীর কালুখালীতে আপন বোন ও দুলাভাইয়ের বিরুদ্ধে নিজের ছোট ভাইকে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। মুক্তিপণের টাকা না দিলে শিশুটিকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন অসহায় বাবা-মা।

ছয় মেয়ের পর একমাত্র ছেলে। অনেক অপেক্ষা আর স্বপ্নের পর জন্ম নেওয়া সেই সন্তানকে হারিয়ে এখন দিশেহারা বাবা-মা। অভিযোগ, নিজের মেয়েই তার স্বামীকে সাথে নিয়ে কৌশলে ভাইকে নিয়ে গেছেন। এরপর থেকেই অজ্ঞাত স্থান থেকে ফোন করে চাওয়া হচ্ছে ৪ লাখ টাকা।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের তফাদিয়া গ্রামের শামীম মৃধা ও নাজমা বেগম দম্পতির ছয় কন্যাসন্তানের পর জন্ম নেয় একমাত্র ছেলে রাসেল। সন্তানকে ঘিরে তাদের ছিল অনেক স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন এখন যেন আতঙ্কে পরিণত হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে কৌশলে শিশু রাসেলকে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তার আপন বোন সুরাইয়া ও বোনের স্বামী আকাশ ওরফে আবদুল্লাহর বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, শিশুটিকে নিয়ে যাওয়ার পর অজ্ঞাত স্থানে আটকে রেখে মোবাইল ফোনে বাবা-মায়ের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি পরিবারের।

এ ঘটনায় শিশুটির বাবা শামীম মৃধা কমলাপুর রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

কান্নাজড়িত কণ্ঠে শিশুটির মা নাজমা বেগম বলেন, যে মেয়েকে নিজের সন্তান হিসেবে মানুষ করেছি, সেই মেয়েই আজ আমার বুকের ধনকে নিয়ে গেছে। আমার কোল খালি করে দিয়েছে। এখন ৪ লাখ টাকা চায়। টাকা না দিলে নাকি আমার সন্তানকে মেরে ফেলবে। আমরা টাকা কোথায় পাব? আমার সন্তানকে শুধু জীবিত অবস্থায় ফিরে চাই।

শিশুটির বাবা শামীম মৃধা বলেন, ছয়টি মেয়ের পর আল্লাহ আমাদের এই একমাত্র ছেলেকে দিয়েছেন। অনেক কষ্ট করে তাকে বড় করেছি। এখন সেই সন্তান কোথায় আছে, কী অবস্থায় আছে, কিছুই জানি না। বারবার ফোন করে টাকা দাবি করা হচ্ছে। আমি আমার সন্তানকে জীবিত ফিরে পেতে চাই। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের একটাই অনুরোধ, দ্রুত আমার ছেলেকে উদ্ধার করে দিন।

স্থানীয়রা জানান, শামীম মৃধা অটোভ্যান চালিয়ে সংসার চালাতেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় বর্তমানে সেই আয়ও বন্ধ। এমন পরিস্থিতিতে একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটি চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

একদিকে অসুস্থ বাবা, অন্যদিকে সন্তানের শোকে ভেঙে পড়া মা। তাদের একটাই আকুতি, টাকা নয়, তারা ফিরে চান তাদের একমাত্র সন্তানকে।

কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জয়নাল আবেদীন বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি। ইতোমধ্যে শিশুটিকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে। শিশুটিকে উদ্ধার করা না গেলে মামলা দায়ের করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।